প্রকৌশলীর অভাব যুক্তরাজ্যে!
দক্ষ জনবল ও প্রকৌশলী সংকটে ভুগছে যুক্তরাজ্য। এই অভাব পূরণ করতে দেশটিকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে স্নাতকধারীদের সংখ্যা বাড়াতে উদ্যোগী হতে হবে। এসব বিষয়ে দক্ষ লোকের সংখ্যা বাড়াতে হবে প্রায় ৫০ ভাগ। রয়েল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং থেকে পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে।সমীক্ষায় বলা হয়, বর্তমান সামাজিক অবস্থাকে সচল রাখতে প্রতিবছর এসব বিষয়ের প্রায় এক লাখ দক্ষ স্নাতকধারী প্রয়োজন। উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক তালিকা থেকে যুক্তরাজ্য ইতিমধ্যেই অনেকটা পিছিয়ে পড়েছে। আর এ ক্ষেত্রে উদ্ভাবনসংক্রান্ত মার্কিন আন্তর্জাতিক পেটেন্ট নিবন্ধন তালিকায় অষ্টম অবস্থানে নেমে এসেছে যুক্তরাজ্য। ওই সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আট লাখ ৩০ হাজার দক্ষ লোকের প্রয়োজন যুক্তরাজ্যের। যন্ত্রকৌশলী প্রয়োজন প্রায় চার লাখ ৫০ হাজার। যুক্তরাজ্যে প্রতিবছর প্রকৌশল বিষয়ে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেন। কিন্তু এক বছরে ভারতে স্নাতক সম্পন্ন করে যুক্তরাজ্যের প্রায় আট গুণ শিক্ষার্থী। আর চীনে এই হার যুক্তরাজ্যের চেয়ে প্রায় ২০ গুণ বেশি। বিবিসি।