প্রকৌশলীসহ ১২ জনকে হত্যা করেছে তালেবান
সরকারের হয়ে কাজ করার অভিযোগ এনে প্রকৌশলীসহ ১২ জন শ্রমিককে হত্যা করেছে আফগানিস্তানের তালেবান জঙ্গিরা। গতকাল মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।গত রোববার তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হিসেবে পরিচিত হেরাত প্রদেশে অপহরণের পর চারজন প্রকৌশলী ও দুজন শ্রমিককে হত্যা করে তালেবান। প্রাদেশিক গভর্নর ফজলুল্লাহ জানিয়েছেন, ওই ব্যক্তিরা বিশ্বব্যাংকের আর্থিক সহায়তাপুষ্ট একটি প্রকল্পে কাজ করছিলেন। একই দিন পাকতিয়া প্রদেশে ছয়জন গাড়িচালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রদেশের ডেপুটি গভর্নর আবদুল ওয়ালি সেহি বলেন, সরকারের পক্ষে কাজ করার অভিযোগ এনে তাঁদের হত্যা করে তালেবান।এ দুটি ঘটনায় আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই পাকিস্তানকে ইঙ্গিত করে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, নিরপরাধ প্রকৌশলী ও শ্রমিকদের হত্যার মধ্য দিয়ে তালেবান ও তাদের বিদেশি প্রভুরা আবারও প্রমাণ করেছে, তারা চায়, এ দেশ চিরকালের মতো গরিব ও অনুন্নত থাকুক। দুই দিনের ইসলামাবাদ সফর শেষে দেশে ফিরে এ কথা বলেন কারজাই। তাঁর দেশে প্রায় এক যুগ ধরে চলা যুদ্ধে ইসলামাবাদ দ্বিমুখী ভূমিকা রাখছে বলে অভিযোগ করে আসছেন আফগান প্রেসিডেন্ট। রয়টার্স।