প্রখ্যাত সাংবাদিক হামিদ মির গুলিবিদ্ধ

পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির গতকাল শনিবার করাচিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন। তাঁর শরীরে তিনটি গুলি লেগেছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিয়ো টিভির নির্বাহী সম্পাদক হামিদ মির গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে করাচি বিমানবন্দর থেকে জিয়ো নিউজের কার্যালয়ে যাচ্ছিলেন। পথে শেরে ফয়সাল এলাকায় নাথা খান সেতুর কাছে পৌঁছালে তাঁর গাড়ি লক্ষ্য
করে বন্দুকধারীরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
করাচির পুলিশপ্রধান শহিদ হায়াৎ জানান, হামিদ মিরের শরীরে তিনটি গুলি লেগেছে। হাসপাতালে নেওয়ার পর তাঁর চেতনা ফিরেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।
জিয়ো নিউজের ইসলামাবাদ ব্যুরোপ্রধান রানা জাওয়াদ জানান, এ ঘটনার পর ফোনে হামিদ মিরের সঙ্গে তাঁর কথা হয়েছে। হামিদ মির তাঁকে জানিয়েছেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে চড়ে বেশ কিছুদূর থেকে তাঁকে অনুসরণ করছিল।
হামিদ মিরই হচ্ছেন একমাত্র সাংবাদিক, যাঁকে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন অন্তত দুবার সাক্ষাৎকার দিয়েছেন। হামিদ মিরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতেও এই হামলার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ বলে পরিচিত হামিদ মির পাকিস্তানের কট্টরপন্থীদের কাছে শত্রু বলে বিবেচিত। গতকালের ঘটনার আগেও তাঁকে হত্যার চেষ্টা করা হয়। ২০১২ সালের নভেম্বরে ইসলামাবাদে হামিদ মিরের গাড়ির নিচে আধা কেজি বিস্ফোরক পাতা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড গিয়ে তা উদ্ধার করে।
হামিদ মির বাংলাদেশেও বেশ পরিচিত নাম। প্রথম আলো ও ডেইলি স্টার-এ তিনি বিভিন্ন সময়ে লিখেছেন। হামিদ মিরের বাবা ওয়ারিস মিরকে আমাদের মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধু হিসেবে সম্মাননা দেয় বাংলাদেশ সরকার। গত বছরের মার্চে বাবার সম্মাননা গ্রহণ করতে বাংলাদেশে এসেছিলেন হামিদ মির। জিয়ো টিভি, ডন ও নিউজ ইন্টারন্যাশনাল।