চীন কঠোর গোপনীয়তায় তার সামরিক শক্তি বাড়িয়ে চলেছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং গোপনে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণ এবং সাবমেরিন শক্তি ও পরমাণু অস্ত্রের ভান্ডার সম্প্রসারণ অব্যাহত রেখেছে। একই সঙ্গে তারা তাইওয়ানের বাইরের এলাকাতেও প্রভাব বিস্তারের জন্য সামরিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে। পেন্টাগন বলেছে, এসব কারণে চীনের সামরিক সক্ষমতার বিষয়ে ‘ভুল বোঝাবুঝির’ অবকাশ বেড়েই চলেছে। পেন্টাগনের দেওয়া তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার মার্কিন কংগ্রেসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করে।ওই প্রতিবেদনে চীনের বর্তমান সামরিক সামর্থ্যের সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপন করা না হলেও তাতে প্রচণ্ড ক্ষিপ্রতায় চীন তার সামরিক সামর্থ্য বাড়াচ্ছে বলে নিশ্চিত করা হয়।প্রতিবেদনে বলা হয়, চীনের হাতে বর্তমানে এক হাজার ১৫০টি স্বল্প পাল্লার এবং অজ্ঞাত সংখ্যক মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। জনসাধারণের দৃষ্টি এড়িয়ে শত শত কোটি ডলার খরচ করে সামরিক ক্ষমতা বাড়ানো হচ্ছে। এতে আরও বলা হয়, ‘চীনের সামরিক ও প্রতিরক্ষা খাতের সীমিত স্বচ্ছতা (ওই অঞ্চলের জন্য) অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে এবং একই সঙ্গে তা ভুল বোঝাবুঝিরও সুযোগ তৈরি করছে।’প্রতিবেদনে দাবি করা হয়, চীনের হাতে বিশ্বের সর্বাধুনিক ও কার্যকর ব্যালাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি রয়েছে। পাশাপাশি তাদের হাতে রয়েছে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী প্রযুক্তি। এ ছাড়া চীন ৯০০ মাইল দূরে থাকা রণতরীকে আঘাত করতে সক্ষম অ্যান্টি-শিপ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের চেষ্টা চালাচ্ছে বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়। এতে বলা হয়, এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলে চীন পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ অথবা বিমানবাহী রণতরীতে আঘাত হানতে পারবে।প্রতিবেদনে বলা হয়, চীন চলতি বছরেই প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে বিমানবাহী রণতরী নির্মাণের কাজে হাত দিতে পারে। বর্তমানে চীনের কাছে রাশিয়ার কাছ থেকে কেনা একটি বিমানবাহী রণতরী রয়েছে। নিজস্ব প্রযুক্তি সংযুক্ত করে সেটিকে তারা আরও উন্নত করে তুলছে।প্রতিবেদনে আরও বলা হয়, হাইনান দ্বীপে চীন একটি নৌঘাঁটি গড়ে তুলছে। ঘাঁটিটির নির্মাণকাজ এখন শেষের পথে। এটি চালু হলে প্রধানতম আন্তর্জাতিক সমুদ্রপথে চীনের অবাধ বিচরণ সহজ হবে এবং সে সময় গোপনে ওই অঞ্চলে তাদের পক্ষে সাবমেরিন মোতায়েন করাও সহজ। পেন্টাগনের দাবি, চীন তাইওয়ানের সীমানার বাইরেও তাদের সামরিক আধিপত্য বিস্তারের চেষ্টায় রয়েছে। ১৯৪৯ সালের গৃহযুদ্ধের পর চীন থেকে তাইওয়ান বিচ্ছিন্ন হলেও চীন এখনো তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে। বেইজিং মনে করে, জোর করে হলেও তাইওয়ানকে চীনের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে।এদিকে, চীন সম্পর্কে পেন্টাগনের প্রতিবেদন প্রকাশের পর তাইওয়ান গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কাছে কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান এবং ডিজেল সাবমেরিন কেনার প্রস্তাব দিয়েছে। ১৯৭৯ সালের এক চুক্তি অনুযায়ী বহিঃশক্তির হাত থেকে বাঁচাতে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এএফপি, রয়টার্স, বিবিসি, টেলিগ্রাফ ও সিএনএন অনলাইন।