প্রচণ্ড তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড তুষারপাত ও হিমশীতল আবহাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে লন্ডনসহ যুক্তরাজ্যের জনজীবন। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, গত ৩০ বছরের মধ্যে যুক্তরাজ্যে এবার সবচেয়ে বেশি শীত পড়েছে। আবহাওয়ার এ পরিস্থিতিতে নিতান্ত প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।তুষারপাতের কারণে গত মঙ্গলবার দেশের বিমানবন্দরগুলো বন্ধ হয়ে গেছে। অন্যান্য যানবাহন চলাচলও বিঘ্নিত হচ্ছে। শত শত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় যুক্তরাজ্যের সর্বত্র দুর্যোগের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।ভারী তুষারপাতের কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম গেটউইক বিমানবন্দর ও লুটনসহ প্রধান প্রধান বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়েছে। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে এয়ারলাইনস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছে। আবহাওয়া কার্যালয় থেকে জানানো হয়েছে, ম্যানচেস্টার এবং ওয়েস্টার্ন ওয়েলসে ১৫ সেন্টিমিটার (ছয় ইঞ্চি) তুষারপাত হয়েছে। গ্লুসেসটেয়ারশায়ারে ১১, ডেভোনে ৮ ও এবার্ডিনশায়ারে ৫ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এর আগেই আবহাওয়া বিভাগ জানিয়েছিল, মঙ্গলবার ও বুধবার রাতে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চল এবং লন্ডনেও ভারী তুষারপাত হবে। ওয়েস্ট বার্কশায়ার, বাকিংহামশায়ার, হ্যাম্পশায়ার, অক্সফোর্ডশায়ার ও সারে এলাকায় তুষারপাত হবে বেশি। তুষারঝড় ধীরে ধীরে দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যের অনেক এলাকায় তাপমাত্রা এখন হিমাঙ্কের ১৬ ডিগ্রি নিচে নেমে গেছে। এসব এলাকার কোথাও কোথাও ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। আবহাওয়া বিভাগ এ নিয়ে সবাইকে সতর্ক করে দিয়েছে। ম্যানচেস্টার বিমানবন্দর মঙ্গলবার দুপুর পর্যন্তও বন্ধ ছিল। লিডস ব্রাডফোর্ড, লিভারপুল ও গ্লাসগো বিমানবন্দরের ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ট্রেন ও বাস চলাচলও বন্ধ হয়ে গেছে। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের উত্তরাঞ্চল থেকে লন্ডনগামী ট্রেন চলাচল একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে। ভারী তুষারপাতের কারণে গতকাল বুধবারের কয়েকটি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর ইংল্যান্ডের শত শত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শীতকালীন ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এএফপি, রয়টার্স অনলাইন ও দ্য হিন্দু।