প্রচণ্ডের গালে চড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে মাওবাদী বিদ্রোহীদের সাবেক নেতা পুষ্পকমল দহল প্রচণ্ডকে চড় মেরেছেন তাঁর একসময়ের সমর্থক পাদম কুনওয়ার। ধর্মীয় উৎসব দিওয়ালি উপলক্ষে দেশটির রাজধানী কাঠমান্ডুতে গত শুক্রবার রাতে আয়োজিত এক চা-চক্রে প্রচণ্ডের ওপর ওই হামলা হয়। এ সময় তাঁর চশমা ভেঙে যায়।পুলিশের মুখপাত্র কেশব অধিকারী বলেন, হামলাকারী যুবক কুনওয়ারকে মাওবাদী নেতারা মারধর করেছেন। আহত অবস্থায় তাঁকে এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর পরই কুনওয়ারকে গ্রেপ্তার করা হয়। তাঁকে পরে জিজ্ঞাসাবাদ করা হবে।মাওবাদী নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী বর্ষমান পান ওই হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বলেন, এতে প্রচণ্ডের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঘটনাটিকে বিশৃঙ্খলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ধরনের হামলা মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে।নেপালে জ্যেষ্ঠ রাজনীতিকদের ওপর হামলার এটি তৃতীয় ঘটনা। হিমালয়ের পাদদেশে দারিদ্র্যপীড়িত দেশ নেপাল। দেশটিতে রাজনৈতিক সংকটের কারণে জনমনে অসন্তোষ বেড়েই চলেছে। নেপাল কমিউনিস্ট পার্টির (ইউনিফাইড মার্ক্সসিস্ট-লেনিনিস্ট) একজন নেতাকে গত বছরের জানুয়ারিতে চপেটাঘাত করা হয়। এ ছাড়া, কাঠমান্ডুর একটি চায়ের দোকানের মালিক মাওবাদী একজন আইনপ্রণেতার গালে গত মে মাসে চড় মারেন। ওই হামলাকারীর অভিযোগ, দেশটির রাজনীতিবিদেরা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। এএফপি।