ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আইএএস কর্মকর্তা দুর্গা শক্তি নাগপালকে বরখাস্ত করার ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল সোমবার তিনি বলেছেন, পুরো ঘটনা জানতে উত্তর প্রদেশ রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার যোগাযোগ করেছে।রাজধানী নয়াদিল্লির পার্লামেন্ট হাউসের সামনে সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি সমাধানের ক্ষেত্রে প্রচলিত আইন অনুসরণ করা হবে। নাগপালকে বরখাস্ত করার ঘটনা নিয়ে অবিলম্বে একটি প্রতিবেদন জমা দিতে উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্যের গৌতম বুদ্ধনগর এলাকায় অবৈধ বালুর ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন স্থানীয় সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট নাগপাল। তিনি সেখানে নিয়মবহির্ভূতভাবে নির্মাণাধীন একটি মসজিদের দেয়াল ভেঙে ফেলার নির্দেশ দেন। এ কারণে তাঁকে গত ২৭ জুলাই বরখাস্ত করা হয়। রাজ্য সরকারের যুক্তি, নাগপালের নির্দেশের কারণে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, নাগপালকে তাঁর অপরাধের শাস্তি পেতে হবে।এদিকে ওই ঘটনায় নাগপাল যাতে কোনো ‘অন্যায্য আচরণের’ শিকার না হন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মনমোহনের কাছে চিঠি দিয়েছেন কেন্দ্রে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) শীর্ষ দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী।দিল্লির অদূরে নয়ডা ও গ্রেটার নয়ডা এলাকায় অবৈধ বালুর ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন দুর্গা শক্তি নাগপাল। ফলে সেখানে বালু উত্তোলন সাময়িক বন্ধ ছিল। পিটিআই।