প্রচারের আলো ছিনিয়ে নিলেন কেজরিওয়াল
গত বছরের ৮ ডিসেম্বরের আগে পর্যন্ত সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে একচ্ছত্র আধিপত্য ছিল গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে মোদিই ছিলেন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) একমাত্র আশা। কিন্তু ৮ ডিসেম্বর দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল পুরো মোড়ই ঘুরিয়ে দিয়েছে। দিল্লির নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) ফলাফল আশাতীত। টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো তাই মোদিকে ভুলে পুরোপুরি ঝুঁকেছে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের দিকে। মোদিকে সরিয়ে মিডিয়ায় এখন রাতারাতি হিরো হয়ে উঠেছেন কেজরিওয়াল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কেবল গণমাধ্যমে নয়, জনগণের মনের আসনেও রাজা হয়ে গেছেন অরবিন্দ কেজরিওয়াল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টুইটারে চার হাজার ৬৯৩ জন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও মোদিকে নিয়ে কথা বলেন। এর মধ্যে মাত্র ৩০ ভাগ মানুষ মোদির ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। প্রায় সাড়ে চার হাজার টুইটার ব্যবহারকারীর মধ্যে সাড়ে তিন হাজারই ঝুঁকেছেন কেজরিওয়ালের দিকে। টুইটার ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে কেজরিওয়াল এগিয়ে ছিলেন ৪২৪ পয়েন্টে। অন্যদিকে মোদি ছিলেন ২১৮ পয়েন্টে। আর রাহুল গান্ধী ১৫৭ পয়েন্টে।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে আসতে হলে মোদিকে এখন থেকেই চেষ্টা শুরু করতে হবে। গত কয়েক সপ্তাহে মোদি প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর স্থান হারিয়েছেন।
মুদ্রা ইনস্টিটিউট অব কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভারটাইজিংয়ের (এমআইসিএ) জ্যেষ্ঠ অধ্যাপক অরবিন্দ সিং বলেন, মোদি গণমাধ্যমের আলোচনার অনেকটা কেন্দ্রে ছিলেন। তবে হঠাত্ অরবিন্দ কেজরিওয়াল গণমাধ্যমের বড় একটা জায়গা দখল করে ফেলেন। কট্টরপন্থী বিজেপি বা কংগ্রেস-সমর্থকদের ওপর এর খুব বেশি প্রভাব না পড়লেও যাঁরা তরুণ, তাঁদের ওপর বেশি প্রভাব পড়ে। সেন্টার ফর স্টাডি অব ডেভেলপিং সোসাইটিসের (সিএসডিএস) জ্যেষ্ঠ সদস্য ও নৃতত্ত্ববিদ শিব বিশ্বনাথন বলেন, ‘আম আদমি পার্টি লাইমলাইটে এসে মোদির জায়গা চুরি করলেও আসলে স্রোত কোনদিকে যাচ্ছে, তা বোঝা কঠিন। তাদের ধারা বোঝার জন্য আমাদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।’
তবে মোদির দিক থেকে গণমাধ্যমের মনোযোগ ঘুরে যাওয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন বিজেপির মুখপাত্র প্রকাশ জাভেদকার। জাভেদকার বলেন, মোদির জনপ্রিয়তা এএপি বা কেজরিওয়াল দ্বারা প্রভাবিত হয়নি। মিডিয়া কাকে চায়, তা মিডিয়ার ব্যাপার। মিডিয়া কভারেজের ব্যাপারে কিছু বলতে রাজি হননি তিনি।