প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে কঠোর নিরাপত্তাব্যবস্থা
ভারতের ৬০তম প্রজাতন্ত্র দিবস কাল মঙ্গলবার। এ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সন্ত্রাসী হামলার আশঙ্কায় রাজধানী নয়াদিল্লিতে ৭১ হাজার পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি থাকবে বিপুলসংখ্যক আধাসামরিক বাহিনীর সদস্য। খবর এএফপির। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারতীয় বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ উপভোগ করবেন তিনি। কর্মকর্তারা বলেছেন, সন্ত্রাসী হামলার হুমকির মুখেই কুচকাওয়াজে ভারতের সমরশক্তি প্রদর্শন করা হবে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত থাকবেন।নয়াদিল্লি পুলিশের মুখপাত্র রজন ভগত বলেছেন, ‘ভূমি থেকে আকাশে সর্বত্র নিরাপত্তা জোরদার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ প্রজাতন্ত্র দিবস উদ্যাপনের অঙ্গীকার করেছি আমরা।’ রজন ভগত বলেন, নয়াদিল্লির রাস্তায় আগামীকাল ৭১ হাজার পুলিশ মোতায়েন করা হবে। ইতিমধ্যে আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শহরের মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়েছে। বিপণিবিতান ও পাতালরেল স্টেশনেও সতর্ক অবস্থান নিয়েছে তারা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সম্প্রতি ভারত সফরকালে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা প্রকাশের পর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গেটস বলেন, কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেওয়ার জন্য উসকানিমূলক তত্পরতার চেষ্টা চালাচ্ছে।ভারতীয় সেনাবাহিনী বলেছে, প্রজাতন্ত্র দিবসে সম্ভাব্য বিমান হামলা নস্যাত্ করে দিতে তারা প্রস্তুত রয়েছে। বিমানবিধ্বংসী অস্ত্র ও স্নাইপার (আড়ালে থেকে যে ব্যক্তি গুলি করে) মোতায়েন করা হবে। তা ছাড়া যুদ্ধবিমান ও হেলিকপ্টারও প্রস্তুত রাখা হবে। নয়াদিল্লির ট্রাফিক পুলিশের প্রধান সত্তেন্দ্র গার্গ বলেন, সাধারণ যান চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি মেট্রো সার্ভিসের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। নয়াদিল্লির মেট্রো সার্ভিসে প্রতিদিন গড়ে আট লাখেরও বেশি মানুষ যাতায়াত করে। ১৯৫০ সালে ভারতের নতুন সংবিধান কার্যকরের দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে ভারত।