প্রণব এগিয়ে, দ্বিধাদ্বন্দ্বে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) মনোনীত প্রার্থী প্রণব মুখার্জি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) শরিক শিবসেনা ইউপিএর প্রার্থী প্রণবকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এনডিএ জোট এখনো নিজেদের প্রার্থী ঠিক করতে পারেনি।রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে পি এ সাংমার পক্ষে সমর্থন আদায়ের ব্যাপারে বিজেপি আশাবাদী। তবে দলটির নেতৃত্বাধীন এনডিএ শরিকদের অনেকে প্রণবকে সমর্থন করায় নির্বাচনে সাংমার সাফল্যের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।এনডিএ জোটের শরিক জনতা দল (জেডিইউ) ও শিরোমণি আকালি দল (এসএডি) প্রণবের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার পক্ষে নয়। তবে বিজেপির নেতৃত্ব মনে করছে, প্রণবের বিরুদ্ধে প্রার্থী হিসেবে সাংমার পক্ষে শেষ মুহূর্তে শিবসেনা ও জেডিইউর সমর্থন আদায় করা সম্ভব হবে।রাষ্ট্রপতি পদে প্রণবকে ‘যোগ্য প্রার্থী’ বলে শিবসেনা গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়েছে এবং কংগ্রেসের বর্ষীয়ান এই নেতাকে সর্বসম্মতিক্রমে সমর্থন জানিয়েছে। শিবসেনাপ্রধান বাল ঠাকরে বলেন, ‘আসুন, অতীতের কথা ভুলে যাই। সমস্বরে প্রণবকে সমর্থন করি এবং বিশ্বের কাছে আমাদের ঐক্য তুলে ধরি। রাষ্ট্রপতি পদ নিয়ে প্রহসন গ্রহণযোগ্য নয়। শীর্ষ এই পদ নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’প্রণবের প্রতি সমর্থন শিবসেনার দলীয় আদর্শের বিরুদ্ধে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে বাল ঠাকরে বলেন, সেই সুযোগ নেই। এ রকম অভিযোগ আগেও উঠেছিল। রাষ্ট্রপতি পদে প্রণবের প্রতি সমর্থন জানানোর কয়েক ঘণ্টা পরই আবার শিবসেনা এনডিএর প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণার জন্য জোটের শীর্ষস্থানীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। শিবসেনা নেতা ও ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজসভার সাংসদ ভারতকুমার রাউত গতকাল বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের জন্য এনডিএর প্রধানমন্ত্রী প্রার্থীর নাম এখনই ঘোষণা করা উচিত। জোটের অন্তর্ভুক্ত সব দলের সঙ্গে এ ব্যাপারে আলোচনার ভিত্তিতেই এনডিএকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও এনডিএর প্রতি একই রকম দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী পদে এনডিএর প্রার্থী কে হবেন তা নিয়ে বিজেপির নেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণযোগ্য হবেন না। ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি আছে এমন কাউকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিতে হবে।২০০৭ সালে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও বিজেপির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ইউপিএর প্রার্থী প্রতিভা পাতিলকে সমর্থন দিয়েছিল শিবসেনা। প্রতিভা পাতিল জাতি হিসেবে মারাঠি হওয়ায় শিবসেনা এই সিদ্ধান্ত নিয়েছিল। ওই নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন ভৈঁরো সিং শেখাওয়াত। হিন্দুস্তান টাইমস ও জিনিউজ।