প্রণব মুখার্জিকে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব মমতার
ভারতের রেলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল ও জাতীয় কংগ্রেস জোট জয়ী হলে যদি রাজ্যের স্বার্থে কংগ্রেসের প্রবীণ নেতা ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে মুখ্যমন্ত্রী করা হয়, এতে তাঁর কোনো আপত্তি থাকবে না। সম্প্রতি কলকাতার স্টার-আনন্দ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।মমতা বলেন, ‘আমাদের লক্ষ্য ২০১১ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমকে হারিয়ে জয়ী হওয়া।’ নির্বাচনে তৃণমূল-কংগ্রেস জোট জিতবে বলে তিনি আশাবাদী। তখন প্রণব মুখার্জিকে মুখ্যমন্ত্রী করা হলে তাঁর আপত্তি থাকবে না। তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেন, এরই মধ্যে প্রণব মুখার্জিকে তিনি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ‘আমার ক্ষমতার লোভ নেই। লোভ নেই মুখ্যমন্ত্রী হওয়ার। আমি সিপিএমের দুঃশাসনের হাত থেকে জনগণের মুক্তির জন্য লড়ছি।’