প্রণব মুখার্জির শপথ কাল
ভারতের নতুন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কাল বুধবার শপথ নেবেন। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে বেলা সাড়ে ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে।নয়াদিল্লির ঐতিহাসিক দিল্লি গেটের অপর প্রান্তে রাইসিনা হিলস-এ অবস্থিত এই রাষ্ট্রপতি ভবন। ৩৩০ একর জমির ওপর এই রাষ্ট্রপতি ভবন। ঐতিহাসিক এই ভবনটি ব্রিটিশ আমলে ছিল ভাইসরয়দের বাসভবন। ভবনের বিশালত্ব এবং শিল্পসৌন্দর্য একে বিশ্বের অন্যতম সেরা প্রাসাদের মর্যাদা দিয়েছে। ১৯২১ থেকে ১৯২৯ সালের মধ্যে এই প্রাসাদটি গড়ে ওঠে ব্রিটিশ স্থপতি স্যার এডুইন লিউটেনসের পরিকল্পনায়। চারতলার এই প্রাসাদে রয়েছে ৩৪০টি কক্ষ। এখানে মোগল, হিন্দু, বৌদ্ধ ও পাশ্চাত্য স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। ভবনের মূল গম্বুজটি বৌদ্ধ আঙ্গিকে গড়ে উঠেছে আর অলিন্দ হিন্দু মন্দিরের আদলে। রয়েছে দরবার হল, যা অশোকা হল নামে পরিচিত। আছে ১৩০ হেক্টর জায়গাজুড়ে মোগল উদ্যান। শপথ গ্রহণের পরপরই প্রণব উঠবেন এই প্রাসাদের অতিথি ভবনে। তারপর ধীরে ধীরে বাসভবন সাজিয়ে-গুছিয়ে উঠবেন নিজের আবাসস্থলে। নতুন করে সাজানো হবে হেঁশেলও। কারণ, এই হেঁশেলে ৬৫ বছর পর এই প্রথম এক বাঙালি নারী পা দেবেন।