প্রণব মুখোপাধ্যায়কে ভারত রত্ন খেতাবে ভূষিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ কংগ্রেস নেতা ও ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখো-পাধ্যায়কে এবার ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারত রত্ন’ দেওয়ার দাবি উঠেছে। গত রোববার ভারতের ওডিশা রাজ্যের শিল্পশহর রাউরকেল্লায় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে এ দাবি ওঠে। সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। এবারের সম্মেলনে সভাপতিত্ব করেন উজ্জ্বল কুমার মজুমদার। এবার এ সম্মেলন ৮৪ বছরে পা দিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি। সম্মেলনে উদ্যোক্তারা প্রণব মুখোপাধ্যায়কে ‘ভারত রত্ন’ খেতাবে ভূষিত করার দাবি তোলেন। শিগগির এ দাবি প্রস্তাব আকারে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবেন বলে জানান উদ্যোক্তারা।প্রণব মুখ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, কবিগুরুর সার্ধশততম জন্মবর্ষকে ঘিরে এবার ভারতের প্রতিটি রাজ্যেই গড়া হবে রবীন্দ্র ভবন। আর যেসব রাজ্যে এরই মধ্যে রবীন্দ্র ভবন রয়েছে, সেগুলো সংস্কার করা হবে। একই সঙ্গে প্রণব মুখোপাধ্যায় জানান, এখন থেকে যেসব মন্ত্রী বিদেশে যাবেন, তাঁরা ভারতের উপহার হিসেবে রবীন্দ্রস্মারক মুদ্রা নিয়ে যাবেন। বিদেশের বিশিষ্টজনদের হাতে এই মুদ্রা তাঁরা তুলে দেবেন।