প্রণবকে বিতর্কের আহ্বান জানালেন সাংমা
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী পি এ সাংমা ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রার্থী প্রণব মুখার্জির সঙ্গে বিতর্ক করতে চান। প্রণবকে গুরু মানলেও গণতান্ত্রিক চর্চার স্বার্থেই তাঁর সঙ্গে বিতর্ক প্রয়োজন বলে মনে করেন সাংমা।ভারতের কয়েকটি টেলিভিশন চ্যানেলে পি এ সাংমা বলেন, গণতন্ত্রে মানুষের পছন্দ করার অধিকার রয়েছে। দেশের অর্থনীতি যখন ডুবছে, দুর্নীতি যখন অকল্পনীয় পর্যায়ে, তখন বিতর্কের প্রয়োজন রয়েছে। প্রার্থীর সঙ্গে প্রার্থীর এই বিতর্ক হতে পারে। তিনি প্রশ্ন করেন, দেশে এত সব দুর্নীতির দায় কে নেবে? বিতর্কের জন্য প্রণবের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কি না জানতে চাইলে সাংমা বলেন, ‘এটা চর্চার বিষয়। গণতন্ত্র মানে বিতর্ক। আমি তাঁকে বিতর্কের আহ্বান জানাই।’রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হবেন দাবি করে সাংমা বলেন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ও কট্টরপন্থী দল শিবসেনার প্রধান বাল ঠাকরের সঙ্গে বৈঠক করতে তাঁদের কাছে সময় চেয়েছেন। তিনি সবার কাছে যাওয়ার চেষ্টা করছেন।সাংমা আরও বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে। গোপন ব্যালট মানে হলো বিবেকের ভোট। আমি বিবেকের ভোটের ওপর নির্ভরশীল এবং এই ভোটেই আস্থা রাখি।’ তিনি বলেন, প্রায় সব রাজনৈতিক দলই ভাবছে এই নির্বাচন কঠিন হবে। কংগ্রেস নির্বাচনকে যতটা সহজ বলে দাবি করছে, নির্বাচন আসলে ততটা সহজ হবে না।ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাংমা বলেন, ‘প্রণব মুখার্জি আমার গুরু। কিন্তু গণতন্ত্রের জন্য আমি তাঁর সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’ তিনি বলেন, ‘আমি তাঁর মেধা ও বুদ্ধিমত্তার প্রশংসা করি। কিন্তু গণতন্ত্র মানে হলো প্রতিদ্বন্দ্বিতা, আলোচনা, বিতর্ক।’মঙ্গলবার পদত্যাগ করবেন প্রণব: রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য আগামী মঙ্গলবার অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন প্রণব মুখার্জি। কংগ্রেসের জ্যেষ্ঠ একজন নেতা এ কথা জানান। এর আগে আগামীকাল রোববার তাঁর পদত্যাগ করার কথা ছিল। প্রণবকে ভোট দেবে সিপিএম ও ফরোয়ার্ড ব্লক: রাষ্ট্রপতি নির্বাচনে বামফ্রন্টের দুই শরিক সিপিএম ও ফরোয়ার্ড ব্লক প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে অন্য দুই শরিক সিপিআই ও আরএসপি প্রণবকে ভোট না দিয়ে ভোটদানে বিরত থাকবে। বৃহস্পতিবার দিল্লিতে সিপিএমের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।বামফ্রন্টের দুই শরিক ভোট দেওয়ার ঘোষণা দেওয়ায় প্রণবের পাল্লা আরও ভারী হয়েছে। আন্যদিকে বিজেপি এককভাবে পি সাংমাকে সমর্থন দিলেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা জাতীয় গণতান্ত্রিক মোর্চার শরিকেরা অবশ্য দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। সংযুক্ত জনতা দল ও শিবসেনা প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে।পিটিআই, রয়টার্স ও এনডিটিভি।