প্রণবের প্রার্থিতা নিয়ে সাংমার চ্যালেঞ্জ
ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের মনোনীত প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী প্রণব মুখার্জির রাষ্ট্রপতি পদের প্রার্থিতাকে চ্যালেঞ্জ করেছেন প্রতিদ্বন্দ্বী এনডিএ জোটের প্রার্থী পি এ সাংমা। তিনি অভিযোগ করেন, প্রণব মুখার্জি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান। এটি নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য একধরনের বাধা। কারণ, সেটি একটি লাভজনক প্রতিষ্ঠান।এদিকে, পি এ সাংমার এই অভিযোগের পরে প্রণব মুখার্জির মনোনয়নপত্র যাচাই-বাছাই এক দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে সংসদবিষয়ক মন্ত্রী পবন কুমার বানসাল জানান, গত ২০ জুন প্রণব মুখার্জি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। তাই এ অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই পদত্যাগ করেন বলে তিনি জানান।এদিকে মজার বিষয় হলো, জনতা পার্টির প্রধান সুব্রামনিয়া স্বামী ভবিষ্যদ্বাণী করেছিলেন, প্রণব মুখার্জির মনোনয়ন বাতিল হবে। টাইমস অব ইন্ডিয়া।