প্রণবের রাষ্ট্রপতি পদের বৈধতাবিষয়ক আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জির নির্বাচন করার বৈধতা নিয়ে দায়ের করা একটি আবেদন গতকাল বুধবার খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমা আবেদনটি করেছিলেন।সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ আবেদন খারিজের আদেশ দেন। আবেদন খারিজের পক্ষে মত দেন তিনজন বিচারক। দুজন মত দেন বিপক্ষে।প্রণবের রাষ্ট্রপতি পদে নির্বাচনের বৈধতার বিষয়টিকে পুনর্বিবেচনায় নিয়ে আসার মতো যোগ্যতা ওই আবেদনের নেই—এমন মন্তব্য করে সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা সেটি খারিজ করেন। আবেদনের পক্ষে আদেশ হলে প্রণবকে ওই বৈধতার প্রশ্নে আদালতের জেরার মুখে পড়তে হতো। পি এ সাংমার আবেদনের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত গতকাল (৫ ডিসেম্বর) দেওয়া হবে বলে সুপ্রিম কোর্ট গত ২১ নভেম্বর জানিয়েছিলেন।বেঞ্চের নেতৃত্বদানকারী প্রধান বিচারপতি আলতামাস কবির বলেন, সাংমার আবেদনটি নিয়মিত শুনানির উপযোগী নয়। তবে ভিন্নমত পোষণকারী বিচারপতি জে চেলামেসওয়ার ও বিচারপতি রঞ্জন গোগৈ বলেন, আবেদনটি ওই ধরনের শুনানির যোগ্য। তাঁদের মধ্যে একজন বলেন, প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র দাখিল করেন, তখন তিনি রাষ্ট্রের লাভজনক পদে আসীন ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিবিসি।