প্রণবের শপথের দিনটি বাঙালি দিবস ঘোষণার দাবি
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শপথ গ্রহণের দিনটিকে পশ্চিমবঙ্গে ‘বাঙালি দিবস’ হিসেবে উদ্যাপনের দাবি জানানো হয়েছে। প্রণব মুখার্জির জন্মভিটা বীরভূমের কীর্ণাহার থানার মিরাটি গ্রামের বাসিন্দারা এ দাবি জানান। গত বুধবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন প্রণব। ওই দিন মিরাটি গ্রামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গ্রামবাসী বলেন, তাঁদের দাবির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। কারণ, একজন বাঙালি রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিনটিকে বাঙালিরা মর্যাদা দিতে চান। তাই তাঁদের দাবি, প্রতিবছর ২৫ জুলাই পশ্চিমবঙ্গে উদ্যাপিত হোক ‘বাঙালি দিবস’।এদিকে বিজেপির মুখপাত্র রাজীব প্রতাপ রুডি গত বুধবার বলেন, ‘বিজেপি ও এনডিএর পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিজেপি বা এনডিএ নতুন করে আর কোনো আইনি লড়াইয়ে যাবে না। পিএ সাংমা যদি সুপ্রিম কোর্টে লড়তে চান, তবে নিজের উদ্যোগে লড়তে পারেন।’ নির্বাচনে পরাজয়ের পর পিএ সাংমা ঘোষণা দেন, তিনি সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে যাবেন।