প্রতাপ দেখিয়ে দুর্বল ফাইলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ফাইলিন।
ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ফাইলিন।

ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশ রাজ্যের বিস্তীর্ণ উপকূলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে আজ রোববার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ফাইলিন। তবে ঘূর্ণিঝড়ের কারণে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআইয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে গতকাল শনিবার রাতে আঘাত হানে ঘূর্ণিঝড় ফাইলিন। ঘূর্ণিঝড়ে ওডিশায় অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছপালা, বিদ্যুতের খুঁটি, টেলিফোনের টাওয়ার। এতে গোটা এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয় যোগাযোগব্যবস্থা।
ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হয়েছে ওডিশা ও অন্ধ্র প্রদেশের ৯৯টি ট্রেন। ওডিশার রাজধানী ভুবনেশ্বর থেকে বাতিল করা হয়েছে ১০টি বিমান।
এর আগে ওডিশা ও অন্ধ্র প্রদেশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আট লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। খোলা হয়েছে ত্রাণশিবির। দুই রাজ্যের উপদ্রুত এলাকায় উদ্ধার ও ত্রাণতত্পরতা শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক এলএস রাঠোরের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ঘণ্টায় ২০০ কিলোমিটারের মতো ঝোড়ো হাওয়ার সঙ্গে তিন থেকে সাড়ে তিন মিটার উঁচু সামুদ্রিক ঢেউ নিয়ে গতকাল রাতে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ে। স্থানীয় সময় গতকাল রাত সোয়া নয়টার দিকে ওডিশার গোপালপুরের উপকূলীয় এলাকা অতিক্রম শুরু করে।
আজ রোববার ধীরে ধীরে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ছে। সন্ধ্যানাগাদ পুরোপুরি দুর্বল হয়ে যাবে। তবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
গত ১৪ বছরের মধ্যে এটাই ভারতে সবচেয়ে শক্তিশালী ঝড়। এর আগে ১৯৯৯ সালের অক্টোবরে ওডিশায় একটি সুপার সাইক্লোনের আঘাতে অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছিল।