প্রতারণার মাধ্যমে ৬২ জন মেয়েকে বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যের ৩০ বছর বয়সী এক যুবক প্রতারণার মাধ্যমে এ পর্যন্ত ৬২ জনকে বিয়ে করেছেন বলে জানা গেছে। বিয়ের পর তাঁদের কাছ থাকা গয়না ও টাকা হাতিয়ে পালিয়ে যেতেন তিনি।

সম্প্রতি বিহারের ১৪ বছরের এক কিশোরী নিখোঁজ হওয়ার জের ধরে গত সোমবার বিহারের বৈশালী জেলার বালিগাঁও থানার সমস্তিপুর রেলস্টেশনের কাছ থেকে ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় পুলিশের কাছে এতজন মেয়েকে বিয়ের বিষয়টি স্বীকার করেন তিনি।

বালিগাঁও থানার কর্মকর্তা রাজকুমার পাসোয়ান জানান, বৈশালী জেলার বাহাউদ্দিনপুর গ্রামের ১৪ বছরের একটি কিশোরী নিখোঁজ হলে থানায় নালিশ জানান ওই কিশোরীর আত্মীয়স্বজনেরা। পুলিশ ওই কিশোরীর মোবাইলের সূত্র ধরে মোহাম্মদ সিজাম নামের ওই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সিজাম স্বীকার করেছেন, নিজেকে রেলের কর্মী বা রেলের টিকিট পরীক্ষক পরিচয় দিয়ে এ পর্যন্ত ৬২ জন মেয়েকে বিয়ে করেছেন তিনি। এঁদের মধ্যে একজন কলকাতার মেয়েও রয়েছে। বিয়ের পর তাঁদের কাছে থাকা গয়না ও টাকা নিয়ে পালিয়ে যেতেন তিনি। পালানোর পরও ওই সব স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন বলে দাবি করেছেন সিজাম। কাজের সূত্রে তাঁকে বাইরে থাকতে হচ্ছে, এমনটাই তিনি স্ত্রীদের বলতেন।
সিজামের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও আটটি সিম উদ্ধার করেছে পুলিশ।