প্রতি ছয়টি ক্যানসারের একটির কারণ সংক্রমণ!
বিশ্বে ক্যানসার রোগীদের প্রতি ছয়জনে একজন (বছরে ২০ লাখ) এ অসুখে আক্রান্ত হয় চিকিৎসাযোগ্য বা প্রতিরোধযোগ্য সংক্রমণের কারণে। নতুন একটি গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। গবেষণাটি চালিয়েছেন ফ্রান্সের চিকিৎসাবিজ্ঞানীরা।চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট অনকোলজিতে এ গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটির জন্য বিশ্বের ১৮৪টি দেশে ২৭ ধরনের ক্যানসারের হার পর্যালোচনা করা হয়। এতে দেখা গেছে, প্রধানত চার ধরনের সংক্রমণ এসব ক্যানসারের জন্য দায়ী। এগুলো হলো: হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেলিকোব্যাকটার পাইলরি এবং হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস। এগুলো ১৯ লাখ গর্ভাশয়, অন্ত্র ও যকৃৎ ক্যানসারের ঘটনার পেছনে কাজ করেছে। এর বেশির ভাগই ঘটেছে উন্নয়নশীল দেশগুলোতে।গবেষণা পরিচালনাকারী ফ্রান্সের দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার-এর দলটি বলেছে, এড়িয়ে চলা যায় এমন ক্যানসার মোকাবিলা করতে আরও অনেক পদক্ষেপ নেওয়া দরকার। এ ছাড়া ক্যানসারও যে জীবাণু সংক্রমণের মাধ্যমে ঘটতে পারে, সে বিষয়টিকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।গবেষকেরা বলছেন, সংক্রমণঘটিত ক্যানসারের অনুপাত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কিছু অঞ্চলে উন্নত দেশগুলোর চেয়ে তিনগুণ বেশি। যেমন, পূর্ব এশিয়াতে এর হার ২২ দশমিক ৯ শতাংশ হলেও যুক্তরাজ্যে তা মাত্র ৭ দশমিক ৪ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের প্রায় এক-তৃতীয়াংশেরই বয়স ৫০ বছরের কম। নারীদের ক্ষেত্রে সংক্রমণঘটিত ক্যানসারের প্রায় অর্ধেকই গর্ভাশয়ের ক্যানসার। পুরুষের ক্ষেত্রে ৮০ শতাংশের বেশি যকৃৎ ও গ্যাস্ট্রিক ক্যানসার।গবেষণাটিতে নেতৃত্ব দেওয়া ক্যাথেরিন দ্য মার্টেল ও মার্টিন প্লামারের মতে, বিশ্বব্যাপী ক্যানসারের জন্য সবচেয়ে বেশি মাত্রায় যেসব কারণ দায়ী, তার মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া ও পরজীবীর মাধ্যমে সংঘটিত সংক্রমণ। বিবিসি।