প্রতি প্লেট খাবারের দাম ৩২ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে গত সোমবার হয়ে গেল এক ব্যয়বহুল নৈশভোজ। এই ভোজের প্রতি প্লেট খাবারের মূল্য ছিল ৪০ হাজার মার্কিন ডলার (৩২ লাখ টাকা)। প্রেসিডেন্ট ওবামার নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য ম্যানহাটনের নোম্যাড হোটেলে এই ভোজের আয়োজন করা হয়।ওয়াশিংটন থেকে কয়েক ঘণ্টার জন্য নিউইয়র্কে ছুটে আসেন প্রেসিডেন্ট ওবামা। মাত্র ৬০ জন ধনকুবেরের সঙ্গে নৈশভোজে বসেন তিনি। আহারপর্বের ফাঁকে কথা বলেন ধনকুবের সমর্থকদের সঙ্গে। সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা বলেন, এখনই নির্বাচন হলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থীর সঙ্গে। তবে শেষ পর্যন্ত আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে নিজের পুনর্নির্বাচনের ব্যাপারে আশাবাদের কথাই শোনালেন সমর্থকদের।সাম্প্রতিক সবগুলো জরিপেই দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রার্থী মিট রমনির সঙ্গে লড়াই হবে হাড্ডাহাড্ডি। গত দুই মাসে নির্বাচনী তহবিল সংগ্রহে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে পড়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য নৈশভোজের সংবাদে প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিকান দলের নিউইয়র্ক রাজ্য চেয়ারম্যান এডওয়ার্ড কক্স। তিনি বলেন, ছয় মাসে প্রেসিডেন্ট ওবামা ১২১টি তহবিল সংগ্রহ সভা করেছেন। অথচ যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই কোটি কর্মহীন লোকজনের কর্মসংস্থানের জন্য পর্যাপ্ত উদ্যোগ নিচ্ছেন না। এডওয়ার্ড কক্স বলেন, তহবিল সংগ্রহের নামে নিউইয়র্ক নগরের ট্রাফিক জ্যাম না বাড়িয়ে প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসে লোকজনের কর্মসংস্থানের জন্য বৈঠক করা উচিত।