প্রতি মাসে প্রতিবেদন দিতে হবে রাহুলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় কর্মকাণ্ডে গতি আনতে এবং নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে নতুন নিয়ম চালু করেছেন ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। এখন থেকে দলীয় সম্পাদকদের প্রতি মাসে তাঁদের দলীয় কর্মকাণ্ডের প্রতিবেদন দাখিল করতে হবে।
আগামী বছরের লোকসভা নির্বাচন ও পাঁচটি রাজ্যের বিধানসভার নির্বাচন সামনে রেখে নতুন এ নিয়ম চালু করলেন রাহুল গান্ধী।
দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী সর্বভারতীয় কংগ্রেস কমিটির সব সম্পাদককে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে রাহুলের কাছে একটি প্রতিবেদন দিতে হবে। নির্দিষ্ট ছকের এ প্রতিবেদনে সম্পাদকেরা নিজ নিজ এলাকায় দলীয় যেসব কর্মসূচি পালন করেছেন, তার বিবরণ দেবেন। একই সঙ্গে জেলা কংগ্রেস কমিটি বা ব্লক কংগ্রেস কমিটিসহ বিভিন্ন কমিটির অবস্থা ও কর্মকাণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিবেদনও তাঁদের দিতে হবে।
দলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয় না এবং দলের যাঁরা সরকারে আছেন, তাঁরা দলকে গুরুত্ব দেন না—এমন সব অভিযোগের মুখে নতুন এ নিয়ম চালু করলেন রাহুল গান্ধী। পিটিআই।