প্রতি শনিবার চিঠি বিলি বন্ধ রাখবে মার্কিন ডাক বিভাগ
ক্রমাগত লোকসান সামাল দিতে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ প্রতি শনিবার চিঠি বিলি বন্ধ রাখবে। গত বুধবার এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ এ তথ্য জানিয়েছে। চলতি বছরের আগস্ট মাস থেকে এ নিয়ম চালু হবে।ডাক বিভাগ জানিয়েছে, প্রতি শনিবার চিঠি বিলি বন্ধ রাখলে বছরে ২০০ কোটি ডলারের সাশ্রয় হবে। বর্তমানে রোববার ছাড়া সপ্তাহের ছয় দিনই যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ খোলা থাকে। নতুন ব্যবস্থা অনুযায়ী শনিবার চিঠি বিলি-বণ্টন বন্ধ থাকলেও ডাক অফিস খোলা থাকবে এবং জরুরি ওষুধপত্র ও প্যাকেজ ডেলিভারি অব্যাহত থাকবে।প্রযুক্তিগত উন্নয়ন এবং জনযোগাযোগে ব্যাপক পরিবর্তনের কারণে টিকে থাকতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ। বিগত বছর বিভাগটি এক হাজার ৬০০ কোটি ডলার লোকসান গুনেছে। তবে অনেকেই মনে করছেন, শনিবার চিঠি বিলি বন্ধ রেখেও লোকসান সামাল দেওয়া সম্ভব হবে না।উল্লেখ্য, ২৩৭ বছরের পুরোনো মার্কিন ডাক বিভাগ বিগত বছরই আইনগতভাবে ঋণ গ্রহণের সীমা অতিক্রম করেছে। দেশটির আইনপ্রণেতারা ডাক বিভাগকে রক্ষার জন্য ঐকমত্যের আইন প্রয়োগে ব্যর্থ হয়েছেন।বিভিন্ন অঙ্গরাজ্যের পোস্টমাস্টার জেনারেলরা বুধবার এক বিবৃতিতে বলেছেন, টিকে থাকার জন্য দেশটির ডাক বিভাগে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।