বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ বৃহস্পতিবার জাতিসংঘের প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনটির বরাত দিয়ে এএফপি জানায়, বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার কারণে প্রতিরোধযোগ্য এ সমস্যাটি নজর এড়িয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেতা ও নির্মাতা রবিন উইলিয়ামসের মৃত্যুর (যেটিকে আত্মহত্যা হিসেবে মনে করা হয়েছে) তিন সপ্তাহ পর প্রকাশিত গবেষণাটিতে ডব্লিউএইচও সতর্ক করে দিয়ে বলেছে, আত্মহত্যা নিয়ে গণমাধ্যমগুলো বিশদ প্রতিবেদন প্রকাশ করায় অনেকে সেখান থেকে উত্সাহিত হয়ে আত্মহননের পথ বেছে নেয়।
ডব্লিউএইচওর প্রধান মার্গারেট চ্যান বলেন, ‘প্রতিটি আত্মহত্যাই একটি ট্র্যাজেডি। বছরে আনুমানিক আট লাখের বেশি মানুষ আত্মহত্যা করে। প্রতিটি আত্মহত্যাই আরেকটি আত্মহত্যা চেষ্টার কারণ হয়।’ তিনি বলেন, ‘একটি আত্মহত্যার দীর্ঘদিন পরও এর প্রভাব ব্যক্তির পরিবার, বন্ধু-বান্ধব এবং সমাজের ওপর পড়ে।’
ডব্লিউএইচও বিশ্বের ১৭২টি দেশের ওপর গবেষণা করে প্রতিবেদনটি তৈরি করে। সংস্থাটি আত্মহত্যাকে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের একটি সমস্যা হিসেবে বিবেচনা করে এর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০১২ সালে উচ্চ আয়ের দেশগুলোতে প্রতি লাখে ১২.৭ জন আত্মহত্যা করেছে। অন্যদিকে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে এ হার লাখপ্রতি ১১.২।
ডব্লিউএইচওর এ গবেষণায় বলা হয়, বার্ষিক আত্মহত্যার মোট সংখ্যার তিন-চতুর্থাংশ হয় উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া ও নেপালে। সংস্থাটির মতে, উন্নত বিশ্বে মোট আত্মহত্যার এক-চতুর্থাংশ হয়।
আত্মহত্যার ক্ষেত্রে বিশ্বজুড়ে সাধারণভাবে ব্যবহূত পদ্ধতিগুলোর মধ্যে বিষ খাওয়া, ফাঁসিতে ঝোলা এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার অন্যতম বলে গবেষণায় বলা হয়েছে। এশিয়ার নগর এলাকাগুলোতে ভবনের ছাদ থেকে পড়ে আত্মহত্যার ঘটনা উল্লেখযোগ্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যাপ্রবণ এলাকা গায়ানা। দেশটিতে প্রতি লাখে ৪৪.২ জন আত্মহত্যা করে। উত্তর ও দক্ষিণ কোরিয়ায় লাখপ্রতি ৩৮.৫ ও ২৮.৯ জন আত্মহত্যা করে।