প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জনের দাবি ডানপন্থি লি পেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কট্টর ডানপন্থী নেত্রী মারিন লি পেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রাথমিক বাধা পেরিয়েছেন। গতকাল মঙ্গলবার লি পেনের রাজনৈতিক দল ন্যাশনাল ফ্রন্ট পার্টির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। লি পেন অভিবাসীবিরোধী দলটির প্রধান।দলের সূত্র বলেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় যথেষ্টসংখ্যক স্থানীয় সরকার প্রতিনিধির সমর্থন আদায় করতে পেরেছেন লি পেন। ফ্রান্সের জটিল দুই পর্বের প্রেসিডেন্ট নির্বাচনী ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বী প্রত্যেক প্রার্থীকে অবশ্যই তাঁর পক্ষে নির্বাচিত ৫০০ জন জনপ্রতিনিধির স্বাক্ষরসহ সম্মতিপত্র জমা দিতে হয়। দেশটিতে এ রকম প্রতিনিধির সংখ্যা ৪২ হাজার।নির্বাচনে আগ্রহী প্রত্যেক প্রার্থীকে অবশ্যই ১৬ মার্চের মধ্যে স্বাক্ষরসহ সম্মতিপত্র জমা দিতে হবে।ন্যাশনাল ফ্রন্ট পার্টি সূত্র জানায়, আগামী এপ্রিল ও মে মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য লি পেন স্থানীয় মেয়র ও অন্য নির্বাচিত প্রতিনিধিদের প্রয়োজনীয় সমর্থন আদায়ে সক্ষম হয়েছেন।লি পেনের সমর্থক গোষ্ঠীর প্রধান আইনজীবী গিলবার্ট কোলার্ড গতকাল ফ্রান্সের রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি তাঁর সঙ্গে একটু আগে টেলিফোনে কথা বলেছি এবং তিনি প্রয়োজনীয় ৫০০ জনপ্রতিনিধির স্বাক্ষরসহ সম্মতি দানের বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন।’বিভিন্ন জনমত জরিপে আভাস পাওয়া গেছে, ফ্রান্সের কট্টরপন্থী এই নারী রাজনীতিকের পক্ষে নির্বাচনে ১৬ থেকে ১৮ শতাংশ ভোট পড়তে পারে। তবে বলাবলি হচ্ছে, খুব কম সংখ্যক মেয়র এবং আঞ্চলিক প্রতিনিধিই তাঁর পক্ষে প্রচারণা চালানোর জন্য রাজনৈতিক ঝুঁকি নেবেন। বেনামে সমর্থন দেওয়ার অনুমতি দিতে গত মাসে ফ্রান্সের সাংবিধানিক পরিষদের কাছে লি পেন যে আবেদন করেন, তা খারিজ করে দেওয়া হয়।আগামী ২২ এপ্রিল এবং ৬ মে দুই দফায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এএফপি।