প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ধরে রাখছেন রিপাবলিকানরা। একই সঙ্গে উচ্চকক্ষ সিনেটে আবারও নিজেদের আধিপত্য বজায় রাখতে চলেছেন ডেমোক্র্যাটরা। মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পার্লামেন্টেরও নির্বাচন অনুষ্ঠিত হয়। ম্যাসাচুসেটস, ইন্ডিয়ানা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাট শিবির পার্লামেন্টের এ কক্ষে তাদের আগের আধিপত্য অনেকটাই নিশ্চিত করেছে। বিশ্লেষকেরা বলছেন, কংগ্রেসের দুই কক্ষ দুই দলের নিয়ন্ত্রণে থাকায় ২০১০ সালের সর্বশেষ নির্বাচনের পর থেকে আইনসভায় দলগত বিরোধ লেগেই রয়েছে। চলছে আইনসভার কার্যক্রমে রীতিমতো অচলাবস্থাও।সিনেটে ৫৩-৪৫ আসনে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে ডেমোক্র্যাটরা। অপর পক্ষে ২৪২-১৯৩ আসনে প্রতিনিধি পরিষদে আধিপত্য ধরে রেখেছে রিপাবলিকানরা।বর্তমান নির্বাচনে সিনেটের ৩৩টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ টেক্সাস, টেনেসি ও মিসিসিপিতে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থীরা। কিন্তু ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে রিপাবলিকান যে দুই প্রার্থী রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন, তাঁরা উভয়েই পরাজিত হয়েছেন।ম্যাসাচুসেটসে ডেমোক্র্যাট প্রার্থী এলিজাবেথ ওয়ারেন সিনেটের আসন পেয়েছেন। এটি একসময় উদারপন্থীদের অনুকরণীয় আদর্শ এডওয়ার্ড কেনেডির দখলে ছিল। ২০০৯ সালে তিনি মারা যান। আসনটিতে এলিজাবেথ পরাজিত করেন স্কট ব্রাউনকে। কেনেডির মৃত্যুর পর ব্রাউন রিপাবলিকান পার্টির হয়ে এই আসনে জয়ী হন। ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রিপাবলিকান প্রার্থী টড একিন মিসৌরিতে পরাজিত হয়েছেন। তাঁর বিতর্কিত মন্তব্য ছিল, ‘বৈধ ধর্ষণের’ মাধ্যমে গর্ভধারণ এড়ানোর ব্যবস্থা নারীদের শরীরে রয়েছে। বিতর্কিত মন্তব্যকারী অপর রিপাবলিকান প্রার্থী রিচার্ড মারডক পরাজিত হয়েছেন ইন্ডিয়ানায়। তিনি এক বিতর্কে মন্তব্য করেন, ধর্ষণের ফলে সৃষ্ট গর্ভধারণ ‘ঈশ্বরের ইচ্ছাতেই হয়’। অতিরক্ষণশীল টি পার্টি আন্দোলনের জনপ্রিয় ব্যক্তিত্ব মারডক ডেমোক্র্যাট প্রার্থী জো ডনেলির কাছে হেরেছেন।তবে টি পার্টির আরেক নেতৃস্থানীয় ব্যক্তি টেড ক্রুজ টেক্সাসে জয়ী হয়েছেন। আসনটি আগে থেকেই রিপাবলিকান প্রার্থীর দখলে ছিল। এ জয়ের মধ্য দিয়ে টেড ক্রুজ সিনেটে তৃতীয় হিস্প্যানিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন।ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট টিম কেইন পরাজিত করেছেন রিপাবলিকান জর্জ অ্যালেনকে। তাঁরা দুজনই রাজ্যের সাবেক গভর্নর। উইসকনসিনে প্রথমবারের মতো সিনেটর হিসেবে একজন স্বঘোষিত সমকামী প্রার্থী নির্বাচিত হয়েছেন। ডেমোক্র্যাট পার্টির হয়ে ট্যামি ব্যাল্ডউইন এ জয় লাভ করেন। তিনি পরাজিত করেন রাজ্যের সাবেক গভর্নর টমি থমসনকে।কানেকটিকাটে বিদায়ী সিনেটর জো লিবারম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টোফার মারফি। লিবারম্যান আগে ডেমোক্রেটিক পার্টির নেতা হলেও বর্তমানে একজন স্বতন্ত্র সিনেটর হিসেবে আছেন। প্রধানত ডেমোক্র্যাট সমর্থকেরাই তাঁর ভোটার বলে পরিচিত। মারফি পরাজিত করেন রিপাবলিকান প্রার্থী লিন্ডা ম্যাকমাহনকে।ডেমোক্র্যাটরা এবারও ওহাইও, পেনসিলভানিয়া, ফ্লোরিডা, রোড আইল্যান্ড, মেরিল্যান্ড, ওয়েস্ট ভার্জিনিয়া ও ডেলাওয়ারেতে জয় পেয়েছেন। দলটির প্রার্থীরা নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগান, নিউ মেক্সিকো, হাওয়াই ও মিনেসোটার সিনেটের দৌড়ে এগিয়ে আছেন। বিবিসি।