প্রতিপক্ষের ওপর তালেবানের বোমা হামলা, নিহত ১৭

উত্তর-পশ্চিম পাকিস্তানের ওরাকজাই এলাকায় গতকাল বৃহস্পতিবার এক গাড়িবোমা হামলায় ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ছয়জন। জঙ্গি কমান্ডার মোল্লা নবি হানাফির ওপর হামলা হলে এ হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানি তালেবান (টিটিপি) এর দায়িত্ব স্বীকার করেছে।
মোল্লা হানাফি উপজাতি-অধ্যুষিত ওরাকজাই এলাকায় তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছেন।
একদল বন্দুকধারী প্রথমে ওরাকজাইয়ের বালান্দখেল গ্রামে হানাফির বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। একপর্যায়ে এক আত্মঘাতী হামলাকারী বাড়িটির দিকে বিস্ফোরকভর্তি গাড়ি চালিয়ে দিয়ে বিস্ফোরণ ঘটায়। তবে হানাফি এ সময় ঘটনাস্থলে ছিলেন না।
স্থানীয় উপজাতি নেতা মালিক নেক মারজান বলেছেন, সরকারের সহযোগিতায় হানাফির অনুসারীরা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছিলেন। এ কারণেই এ হামলা হয়ে থাকতে পারে।
গত বুধবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে সন্দেহভাজন জঙ্গিদের পেতে রাখা মাইন বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত হন। এপি ও জিয়ো টিভি।