প্রতিবন্ধীদের অস্ত্র পাওয়া নিয়ন্ত্রণের প্রস্তাব ওবামার
যুক্তরাষ্ট্রে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের আগ্নেয়াস্ত্রপ্রাপ্তির ওপর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছেন বারাক ওবামার প্রশাসন।
২০১২ সালের ডিসেম্বরে কানেকটিকাট রাজ্যের নিউটাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের ২০ শিক্ষার্থীসহ ২৬ জন নিহত হওয়ার ঘটনার এক বছরের বেশি সময় পর এই ঘোষণা এল। ওই সময় যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
গত শুক্রবার হোয়াইট হাউস থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে এ বিষয়ে পদক্ষেপের কথা উল্লেখ করে বলা হয়, কেন্দ্রীয় সরকারের আইনের আওতায় কোনো ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দেওয়া যাবে কি না, তা ঠিক করবে বিচার বিভাগ। স্বাস্থ্য ও মানবিক সাহায্য দপ্তরও এ ক্ষেত্রে সহায়তা করবে।
বারাক ওবামার ঘোষণায় সহজে অস্ত্র হাতে পাওয়ার সম্ভাব্য উপায়গুলো বন্ধ করার কথা বলা হয়েছে। অস্ত্রপ্রাপ্তির বিষয়টি কঠিন করে তুলতে এবং অপরাধীদের অস্ত্র কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ বা বিষয়টিকে কঠিন করে তোলার কথাও বলা হয়। বিবিসি।