প্রতিবাদী হয়ে উঠেছেন নন্দারা
স্বামী-সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দূরদেশে পাড়ি জমিয়েছিলেন নন্দা। গৃহকর্মীর কাজ নিয়ে লেবাননে গেছেন ২২ বছরের এই শ্রীলংকান গৃহবধূ। কিন্তু স্বামী-সন্তানের মুখে আর হাসি ফোটানো হলো না তাঁর। জীবনের কঠিন বাস্তবতা তাঁকে অক্টোপাসের মতে আঁকড়ে ধরে। দিনরাত খেটে মনের মতো তো নয়ই, ন্যূনতম মজুরিও পাননি তিনি। তার ওপর দিনরাত অবিরাম খাটুনি, আছে অমানুষিক নির্যাতন। ২০০৯ সালে লেবাননে পাড়ি জমানোর পর দুবেলা পেট ভরে খেতে পর্যন্ত পারেননি নন্দা! শুধু তিনিই নন, এ রকম হাজারো নন্দা লেবাননে গিয়ে জীবনযুদ্ধে লড়ে চলেছেন। স্বপ্নপূরণে ব্যর্থ হয়ে কেউ কেউ জীবনের সাঙ্গও ঘটিয়েছেন।তবে হাজারো বঞ্চনার শিকার নন্দারা এখন আর মুখ বুজে নেই; প্রতিবাদী হয়ে উঠেছেন তাঁরা। চাকরিদাতাদের বিরুদ্ধে তাঁরা মামলা করছেন। দাবি—তাঁদের প্রাপ্য পাওনা বুঝে দিতে হবে, নির্যাতনের বিচার করতে হবে।চার দেয়ালের মধ্যে আটকে রেখে একজনকে যত ধরনের নির্যাতন করা যায়, নন্দাদের ক্ষেত্রে এর কোনোটিই বাদ যায়নি। দিনে আট ঘণ্টা কাজ করার চুক্তি থাকলেও ভোর থেকে মধ্যরাত পর্যন্ত অবিরাম কাজ করতে হয়েছে তাঁদের। সপ্তাহের প্রতিদিনই কাজ করতেন নন্দা। তিনি বলছিলেন, ‘ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে জাগতাম। সেই থেকে মধ্যরাত পর্যন্ত হাড়ভাঙা খাটুনি। বিশ্রামের কোনো সুযোগ ছিল না।’ নন্দা বলেন, ‘কোনো মজুরি পেতাম না। এমনকি একটিবারের জন্য বাড়িতে ফোনও করতে দিত না।’শুধু গৃহকর্তা-কর্ত্রীই নন, তাঁদের বাচ্চাকাচ্চাদের নির্যাতন থেকেও রেহাই পান না নন্দারা। নন্দা বলেন, ‘আমি যে বাড়িতে ছিলাম, তাদের দুটি শিশুসন্তান ছিল। পিচ্চিদের বায়না পূরণ করতে না পারলে তারা আমাকে বেদম পেটাত। আরবি ভাষা জানা ছিল না আমার। তবে এখন একটু-আধটু বুঝি। এখন বুঝতে পারছি যে তারা আমাকে “বেশ্যা” বলে নির্যাতন করত।’ কথাগুলো বলার সময় নন্দার দুই চোখ থেকে পানি পড়ছিল। নন্দা বলেন, ‘গৃহকর্ত্রী সারা দিনে আমাকে মাত্র এক টুকরো রুটি খেতে দিত। সে বলত, আমি নাকি মোটা হয়ে গেছি। মাঝেমধ্যে উচ্ছিষ্টও খেতে দিত। আমি কখনোই পেট ভরে খেতে পারতাম না।’চাকরি ছেড়েছেন নন্দা; উঠেছেন একটি আশ্রয়শিবিরে। লেবাননের বেসরকারি সংস্থা কারিতাস আশ্রয়কেন্দ্রটি খুলেছে। নন্দার মতো নির্যাতিত আরও অনেকেই এখানে আশ্রয় নিয়েছেন। নির্যাতিত নন্দারা এবার ঘুরে দাঁড়িয়েছেন; তাঁরা জোটবদ্ধ হয়েছেন। অত্যাচারী গৃহকর্তা-কর্ত্রীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে শুরু করেছেন তাঁরা। কারিতাসের প্রধান দিমা হাদ্দাদ বলেন, ‘আমাদের আশা, নন্দারা ন্যায়বিচার পাবে।’ লেবাননে দুই লাখ বিদেশি গৃহকর্মী রয়েছেন। তাঁরা ফিলিপাইন, শ্রীলংকা, মাদাগাস্কার ও ইথিওপিয়া থেকে এসেছেন। তবে শ্রমিক নির্যাতনের কারণে শ্রীলংকা ছাড়া অন্য তিনটি দেশই লেবাননে শ্রমিক পাঠানো বন্ধ করে দিয়েছে।আগে থেকেই হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ ছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলো শ্রমিকদের মানবাধিকার উন্নয়ন করতে পারছে না। সৌদি আরব, লেবানন, জর্ডানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। সংস্থাটির বৈরুতের জ্যেষ্ঠ গবেষক নাদিম হুরি বলছিলেন, লেবাননে শ্রমিক নির্যাতন গুরুতর আকার ধারণ করেছে। শ্রমিকেরা ভয়ে এ ব্যাপারে অভিযোগ করছেন না। গৃহকর্তারা তাঁদের পাসপোর্ট আটকে দেওয়ায় অনেকে আইনের আশ্রয়ও নিতে পারছেন না। নির্যাতিত শ্রমিকদের আশ্রয় দেওয়ার জন্য কারিতাসকে ২০০৫ সালে অনুমোদন দেয় লেবানন সরকার। মাস শেষ হলেই শ্রমিকদের বেতন পরিশোধের জন্য লেবানন সরকার গত বছর চাকরিদাতাদের নির্দেশ দেয়। একই সঙ্গে সপ্তাহে এক দিন কর্মবিরতি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। কিন্তু সরকারের সেই নির্দেশের প্রতি কর্ণপাত করছে না তারা। হাতে গোনা কয়েকজন নির্দেশ মেনে চলছে। নির্যাতন ও ধর্ষণের কারণে শ্রমিকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে বলে নাদিম হুরি জানান। তাঁর হিসাবে সপ্তাহে গড়ে একজন শ্রমিক আত্মহত্যা করেন। নির্যাতিত শ্রমিকদের পক্ষে আদালত বেশ কয়েকটি রায় দিয়েছেন। দিমা হাদ্দাদ জানান, গত ১৫ ডিসেম্বর আদালত এক চাকরিদাতাকে ১৫ দিনের কারাদণ্ড দেন এবং সাত হাজার ২০০ ডলার জরিমানা করেন। ২৯ বছরের ফিলিপিনো জোনালিন মালিবাগুর ওপর নির্যাতনের দায়ে এ শাস্তি দেওয়া হয়। হাদ্দাদের আশা, নন্দাদের ক্ষেত্রেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এএফপি অবলম্বনে।