প্রতিবাদে নিজের গাড়ি ভাঙচুর
নিম্নমানের গ্রাহকসেবার প্রতিবাদে চীনের এক ধনাঢ্য ব্যক্তি তাঁর তিন কোটি ২১ লাখ টাকা মূল্যের বিলাসবহুল একটি মাসেরাতি গাড়ি প্রকাশ্যে ভেঙেছেন। এ জন্য চারজন লোককে ভাড়া করেন তিনি।
গতকাল বুধবার প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ওই ধনাঢ্য ব্যক্তির ডাকনাম ওয়াং। ২০১১ সালে বিলাসবহুল গাড়িটি কেনেন তিনি। গাড়িতে সমস্যা দেখা দিলে স্থানীয় পরিবেশকের কাছে নিয়ে যান ওয়াং। সেখানকার কর্মীরা গাড়িতে ব্যবহূত যন্ত্রাংশের পরিবর্তে অতিরিক্ত নতুন যন্ত্রাংশ ব্যবহার করেন। এর জন্য তাঁকে খরচও গুনতে হয়। কিন্তু তাতেও গাড়ির দরজার সমস্যাটি রয়ে যায়। উপরন্তু গাড়িতে আঁচড় পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে গাড়িটি ভেঙে চুরমার করার জন্য হাতুড়িধারী চারজন লোক ভাড়া করেন ওয়াং। চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের কুইংডাও শহরে একটি গাড়ির প্রদর্শনীর শুরুতে তিনি ভাড়া করা লোকদের দিয়ে গাড়িটি ভাঙচুর করেন।
ওয়াং বলেন, ‘আশা করছি, বিলাসবহুল গাড়ির বিদেশি নির্মাতা একটি বিষয় স্বীকার করবেন, একটি ব্র্যান্ড যে ধরনের সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, চীনা ক্রেতারা ওই সেবা পাওয়ার অধিকার রাখে।’
এ ঘটনায় ইতালীয় বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাসেরাতির চীনা পরিবেশকেরা দুঃখ প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা গভীরভাবে দুঃখিত এটা দেখে যে একজন ক্রেতা দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ না দিয়ে এমন কাজ করতে পারেন।’