অস্ত্রবিরতি লঙ্ঘনের ব্যাপারে পাকিস্তান ও চীনকে কড়া ভাষায় সতর্ক করে দিয়ে ভারতের সেনাপ্রধান বলেছেন, সীমান্তে প্রতিবেশীরা নিয়মকানুন ভঙ্গ করলে ভারত শান্তভাবে বসে থাকবে না। টাইমস অব ইন্ডিয়া।
জেনারেল বিক্রম সিং গতকাল সোমবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রতিবেশীরা যদি নিয়ম মেনে চলে, তাহলে আমরাও তা করি। নিয়মনীতি ভঙ্গ করা হলে আমরা অলস বসে থাকব না, আমরাও তা ভঙ্গ করব।’
জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, তিনি কাশ্মীরের জন্য সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনে রদবদলের বিপক্ষে। এএফএসপিএ শীর্ষক ওই আইনে গোলযোগপূর্ণ অঞ্চলে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনার জন্য অনেকে ওই আইনকে দায়ী করেন।
ওই আইনের বিষয়ে বিক্রম সিং বলেন, ‘সামরিক দৃষ্টিভঙ্গি হচ্ছে, পরিস্থিতি যাচাই করার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। কেবল তার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ (আদৌ বরদাশত না করা) নীতি অনুসরণ করে থাকে।
চীনের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা সহযোগিতা (বিডিসি) চুক্তি প্রসঙ্গে জেনারেল সিং বলেন, ‘এই চুক্তি সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি), সদর দপ্তর ও জাতীয় পর্যায়ে সমঝোতা জোরদার করবে।’ জিনিউজ।