প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কে প্রতিজ্ঞ ভারত: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুটানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভুটানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে দেশটির সম্পর্কের সম্ভাব্য গতি-প্রকৃতি নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে প্রধানমন্ত্রী মোদি আজ সোমবার স্পষ্টভাবে বলেছেন, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়, ভুটান সফররত মোদি আজ সে দেশের পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন।

গত মাসের শেষের দিকে ক্ষমতা গ্রহণ করেন ৬৩ বছর বয়সী আলোচিত বিজেপি নেতা মোদি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে গত রোববার ভুটান যান তিনি। দুই দিনের ভুটান সফরের আজ শেষ দিন।

ভুটানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে হিন্দি ভাষায় দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের অগ্রগতি প্রতিবেশী দেশগুলোর উন্নয়নকে সরাসরি প্রভাবিত করবে।

নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতে স্থিতিশীলতা ও উন্নয়ন ভুটানের মতো প্রতিবেশীদের উপকার করবে।’

দিল্লিতে ক্ষমতার পালাবদলে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কে পরিবর্তন আসা নিয়ে আঞ্চলিক পরিমণ্ডলে এক ধরনের দোলাচল চলছে। এই প্রশ্নের সম্ভাব্য উত্তরের একটা ইঙ্গিত মিলেছে ভুটানের পার্লামেন্টে দেওয়া মোদির ভাষণে। দেশটির সরকারকে আশ্বস্ত করে মোদি বলেছেন, সরকার পরিবর্তনে ভারত-ভুটান সম্পর্কের গতিশীলতায় কোনো পরিবর্তন আসবে না।