প্রতিরক্ষা বাজেট হ্রাস নিয়ে মার্কিন নেতাদের বিরোধ
মার্কিন প্রতিরক্ষা বাজেটের কাটছাঁট নিয়ে রাজনীতিকদের মধ্যে তিক্ত বিরোধের আশঙ্কা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন, সামরিক বাজেটে আরেক দফা বড় ধরনের হ্রাস হলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন কাগুজে বাঘে পরিণত হবে।প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সামরিক ব্যয় হ্রাস ও সেনাবাহিনীর আকার হ্রাসের ঘোষণা দেন। তবে সমালোচকদের মুখ বন্ধ করতে তিনি এও বলেন, পেন্টাগনের মূল বাজেট বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। সামরিক ক্ষেত্রে মোটামুটি পরবর্তী ১০ দেশের সম্মিলিত বাজেটের চেয়ে বড় হবে যুক্তরাষ্ট্রের ব্যয়।প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টা দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আকারের প্রতিরক্ষা বাজেট কাটছাঁটের বিষয় নিয়ে নীতিনির্ধারক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিরক্ষা বাজেট ইস্যুতে প্যানেট্টার যুক্তিকে রিপাবলিকানরা গ্রহণ করতে রাজি নয়। প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা আগে হোয়াইট হাউসের কর্মকর্তা ও কংগ্রেস নেতা থাকাকালে সামরিক ব্যয় হ্রাসের তেমন বিরোধিতা করতেন না। কিন্তু ওবামা প্রশাসনে এসে গত বছর তিনি ব্যয় হ্রাসের কড়া বিরোধিতা করে প্রেসিডেন্টের সঙ্গে রীতিমতো বিরোধে জড়িয়ে পড়েন। আর্থিক মন্দার কারণে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় কাটছাঁটের অংশ হিসেবে ওবামা সামরিক ব্যয় হ্রাসেরও প্রস্তাব দেন। কিন্তু প্যানেট্টা এর বিরোধিতা করেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামা তখন ব্যয় হ্রাস মেনে নিতে আরও নমনীয় হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রীকে। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ওবামা বলেন, প্রতিরক্ষা বাজেট ক্রমান্বয়ে বাড়তে থাকবে। প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টা এতে বলেন, ব্যয় হ্রাস করতে গিয়ে প্রতিরক্ষা বাজেটে ‘বাড়তি কিন্তু গ্রহণযোগ্য’ কিছু ঝুঁকি নেওয়া হয়েছে। রয়টার্স।