যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি প্রতিরক্ষা বাহিনীকে অপেক্ষাকৃত কম গুরুত্ব দিতে তাঁর দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। গত সোমবার ওয়াশিংটনে ম্যাগনিফিশেন্ট ডিলিউশনস নামে নিজের নতুন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
শিক্ষাবিদ থেকে কূটনীতিক হওয়া স্পষ্টভাষী সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি বলেন, বছরের পর বছর ধরে দেওয়া যুক্তরাষ্ট্রের ‘বিভ্রান্ত’ সহায়তা কেবল প্রভাবশালী সামরিক বাহিনীর হাতকে আরও শক্তিশালী করেছে। পাকিস্তানের সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিলেন—এ অভিযোগের মুখে ২০১১ সালে পদত্যাগে বাধ্য হন তিনি।
হাডসন ইনস্টিটিউটে ওই প্রকাশনা অনুষ্ঠানে হাক্কানি বলেন, উপমহাদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর আকার সামঞ্জস্যহীনভাবে বড়। পাকিস্তানিরা কখনোই দুদণ্ডের জন্য ভাবেনি এ রকম সেনাবাহিনী গঠনের শক্তি তাদের আছে কি না। অন্যদিকে মার্কিনিদের অলীক বিশ্বাস হলো, তারা মনে করে পাকিস্তানকে যথেষ্ট সহায়তা দিলে তারা তাদের নিজস্ব বিশেষ লক্ষ্য বাস্তবায়ন করতে চাইবে না। আসলে বাস্তবতা পুরোটাই উল্টো। এএফপি।