মিসরের ক্ষমতাসীন সামরিক পরিষদ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকায় গত শুক্রবার ভয়াবহ সংঘর্ষের পর ওই এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে। স্থানটিতে নিরাপত্তা বাহিনী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ইতিমধ্যে এক সেনাসদস্য নিহত ও শত শত ব্যক্তি আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ঘিরে সমবেত হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী শুক্রবার জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। গ্রেপ্তার করেছে বেশ কয়েকজনকে। নিরাপত্তা বাহিনীর এ অভিযানের পর ছত্রভঙ্গ হয়ে যাওয়া বিক্ষোভকারীদের কেউ কেউ তাহরির স্কয়ারে চলা অপর একটি প্রতিবাদ-সমাবেশেযোগ দেন। এর আগে বুধবার মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভকারীদের ওপর অজ্ঞাত দুষ্কৃতকারীরা হামলা চালালে অন্তত ২০ জন নিহত হন। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ওই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।দেশটির ক্ষমতাসীন সামরিক পরিষদ ‘সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেস (স্কাফ)’-এর শাসনের বিরুদ্ধে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীরা তাঁদের ওপর হামলার জন্য সামরিক পরিষদের বিরুদ্ধে অভিযোগ করছেন। উভয় পক্ষের মধ্যে সর্বশেষ সংঘর্ষের জের ধরে স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত কারফিউ জারি করা হয়। ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা জন লাইন জানান, শুক্রবার বিক্ষোভকারীরা সেনাবাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা চালালে ভয়াবহ এ সংঘর্ষের সূত্রপাত হয়। বিক্ষোভকারীরা মন্ত্রণালয়ের বাইরে স্থাপিত কাঁটা তারের বেষ্টনী পেরিয়ে সেখানে ঢোকার চেষ্টা করেন। সংঘর্ষকালে দুই পক্ষ একে অপরের প্রতি পাথর নিক্ষেপ করে। টানা কয়েক ঘণ্টা এ সংঘর্ষ স্থায়ী হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংঘর্ষে এক সেনা নিহত ও প্রায় ৩০০ জন আহত হয়েছেন। ১৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সামরিক আদালতে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে নতুন করে এ সহিংসতা শুরু হলো। বিবিসি।