ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয়টি বিষয়ে অগ্রাধিকার দেবে৷ টাইমস অব ইন্ডিয়ার মতে এগুলো হচ্ছে:
১. দেশীয়ভাবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন এবং যন্ত্রপাতি উৎপাদন ত্বরান্বিত করা৷
২. দ্রুতগতিতে অস্ত্র হাতে পেতে ঝামেলাপূর্ণ ক্রয় প্রক্রিয়াকে গতিময় করা এবং দুর্নীতি কমানো৷ প্রযুক্তি হস্তান্তর ও বিভিন্ন সংস্থার ওপরে নিষেধাজ্ঞা আরোপের নীতিগুলো পুনঃপরীক্ষা করা৷
৩. দেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনার উচ্চপর্যায়ে সংস্কার৷ এর মধ্যে থাকবে চিফ অব ডিফেন্স স্টাফ-গোছের পদ সৃষ্টি থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিরক্ষা সদর দপ্তরের প্রকৃত সমন্বয় সাধন ও কর্মী আদান-প্রদান৷
৪. চীনকে মোকাবিলায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন সামরিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি নতুন ‘মাউন্টেইন স্ট্রাইক কোর’ গঠন৷
৫. আইএনএস আরিহাতঁ ও তার সহযোগী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ দ্রুততার সঙ্গে উদ্বোধনের মাধ্যমে জলপথেও পারমাণবিক অস্ত্র সক্ষমতার সম্পূর্ণতা অর্জন৷
৬. প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানো৷ এটা জিডিপির অন্তত ২ দশমিক ৫ শতাংশে উন্নীতকরণ৷