প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে সিসিই থাকছেন
মিসরের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ আল-সিসি নতুন সরকারেও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকছেন। গতকাল বুধবার সরকারি একজন কর্মকর্তা এ কথা জানান।
এদিকে নতুন প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব আগের মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে পুনর্নিয়োগ দিয়েছেন।
সিসির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘নির্বাচনী আইনসহ সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত সিসি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে চান।’
ফিল্ড মার্শাল সিসি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন বলে জোর প্রচার রয়েছে। তবে এখনো প্রেসিডেন্ট পদে নির্বাচন করার সরাসরি ঘোষণা দেননি তিনি।
এদিকে নতুন প্রধানমন্ত্রী মাহলাব গতকাল আগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম, তেলমন্ত্রী শেরিফ ইসমাইল, পরিকল্পনামন্ত্রী আশরাফ আল আরাবি ও পর্যটনমন্ত্রী হিশাম জাজুকেকে পুনর্নিয়োগ দিয়েছেন। এসব মন্ত্রণালয়ে পুনর্নিয়োগ দেওয়া হলেও গুরুত্বপূর্ণ পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ে গতকাল পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এএফপি ও রয়টার্স।