প্রতিশোধ নয় বেছে নেন মিত্রতার পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী লড়াই চালাতে গিয়ে অবর্ণনীয় নির্যাতন-নিপীড়নের শিকার হতে হয়েছিল নেলসন ম্যান্ডেলাকে। জীবনের একটি বড় অংশ তাঁকে কাটাতে হয়েছে কারাগারের ছোট্ট প্রকোষ্ঠে। তার পরও ক্ষমতা পেয়ে প্রতিশোধ নেননি। সমঝোতা ও মিত্রতার পথ বেছে নিয়ে হয়ে উঠেছেন বিশ্বশান্তির প্রতীক হিসেবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ম্যান্ডেলার মহানুভবতার এই দিকটি তুলে ধরেন মার্কিন নাগরিক আন্দোলনের নেতা জেসে জ্যাকসন। জ্যাকসন ছাড়াও ম্যান্ডেলার জীবনীকার রিক স্টেনজেলসহ আরও কয়েকজন ওই অনুষ্ঠানে যোগ দেন।
১৯৮৪ ও ১৯৮৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী জ্যাকসন বলেন, ১৯৯০ সালে দীর্ঘ কারাবাস থেকে মুক্ত হওয়ার পর ম্যান্ডেলার সামনে দুটি বিকল্পই খোলা ছিল। এর একটি হলো প্রতিশোধ, অন্যটি সমঝোতা বা মিত্রতা। কিন্তু তিনি আলোচনার মাধ্যমে সমঝোতা প্রতিষ্ঠার পথ বেছে নিয়ে বর্ণবাদী ব্যবস্থার ওপর তাঁর বিজয় নিশ্চিত করেছিলেন।
ম্যান্ডেলার জীবনীকার স্টেনজেল বলেন, ম্যান্ডেলার কারামুক্তির তিন বছর পর জনপ্রিয় কৃষ্ণাঙ্গ নেতা ক্রিস হানি শ্বেতাঙ্গ আততায়ীর হাতে খুন হন। সেই অগ্নিগর্ভ পরিস্থিতি অসাধারণ দক্ষতায় তিনি সামাল দিয়েছিলেন। ঘটনার পরপরই ম্যান্ডেলা রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ‘যে স্বাধীনতার জন্য ক্রিস হানি জীবন দিলেন, সেই স্বাধীনতার প্রক্রিয়া নস্যাৎ করতে কেউ উসকানি দিলে আমরা অবশ্যই প্ররোচিত হব না।’ স্টেনজেল বলেন, ওই ভাষণের মধ্য দিয়েই যেন হয়ে উঠলেন নতুন দক্ষিণ আফ্রিকার জাতির জনক।
জেসে জ্যাকসন বলেন, ‘রাজনৈতিক অধিকার আদায়ের ক্ষেত্রে হয় তো বর্ণবৈষম্য বন্ধ করতে পেরেছি। কিন্তু দারিদ্র্য, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে আজও বর্ণবাদ রয়ে গেছে।’ এনবিসি।