প্রতিশোধ নিতেই সিআইএর কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন, প্রতিশোধ নেওয়ার জন্যই আফগানিস্তানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তালেবান নেতা ও আল-কায়েদা সদস্যদের মৃত্যুর প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়। তিনি ঘটনায় হামলাকারীর প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণগোষ্ঠী এসআইটিই গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।গত বছর ৩০ ডিসেম্বর আফগানিস্তানে সিআইএর ঘাঁটিতে এক আত্মঘাতী বোমা হামলায় সংস্থাটির সাতজন কর্মী এবং জর্ডানের একজন গোয়েন্দা কর্মকর্তা নিহত হন। এ ছাড়া এ ঘটনায় আরও ছয়জন আহত হন। ১৯৮৩ সালের পর সিআইএর বিরুদ্ধে এটাই ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।এসআইটিই জানায়, ইন্টারনেটে আল-কায়েদার জেহাদি ফোরামে গত বুধবার সংগঠনটির তৃতীয় শীর্ষনেতা শেখ মুস্তাফা আবু আল-ইয়াজিদ স্বাক্ষরিত এক বার্তায় সিআইএর ওপর হামলার ঘটনায় প্রশংসা করা হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তানে তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদ, আল-কায়েদার সদস্য আবু সালেহ আল-সোমালি ও আবদুল্লাহ সাইদ আল-লিব্বিকে হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়। আফগানিস্তানে আল-কায়েদার প্রধান নেতা হলেন আল-ইয়াজিদ।যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী একজন কর্মকর্তা বলেছেন, পাকিস্তানে নিহত আল-সোমালি পাকিস্তানে আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা ছিলেন। পাকিস্তানের পশ্চিমাঞ্চলে গত বছরের ডিসেম্বরে মার্কিন মনুষ্যবিহীন বিমানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। আর তালেবান নেতা মেহসুদ গত বছরের ৫ আগস্ট পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সিআইএর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।মার্কিন ওই কর্মকর্তা আরও জানান, পাকিস্তান ও আফগানিস্তানের বাইরে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিলেন আল-সোমালি। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপে হামলার ষড়যন্ত্রের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।আফগানিস্তানে সিআইএর সদস্যদের ওপর আত্মঘাতী হামলাকারী জর্ডানের নাগরিক বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তিনি একই সঙ্গে আল-কায়েদা, সিআইএ ও জর্ডানের গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করতেন বলে মার্কিন সূত্রগুলো দাবি করেছে। ওই হামলাকারীর নাম হুমাম খলিল আবু-মুলাল আল-বালাবি। তাঁর বাড়ি জর্ডানের জারকা এলাকায়। তিনি পেশায় একজন চিকিত্সক ছিলেন।আল-ইয়াজিদ বলেন, আফগানিস্তানে সিআইএর ওপর হামলার আগে আল-বালাবি লিখে গেছেন যে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ‘আমাদের শহীদ ভাইদের’ প্রতিশোধ নিতেই তিনি এ হামলা চালিয়েছেন। এএফপি।