প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার উপজাতীয় নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরস্তানের উপজাতীয় নেতারা মার্কিন বিমান হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে তাঁরা ওই অঙ্গীকার করেন। গত বৃহস্পতিবার আফগান সীমান্তসংলগ্ন পাকিস্তানের ওই এলাকায় যুক্তরাষ্ট্রের মানববিহীন বিমান (ড্রোন) হামলায় ৪১ জন নিহত হন, যাঁদের অধিকাংশই বয়োজ্যেষ্ঠ উপজাতীয় নেতা। উপজাতীয় নেতারা বলেন, তাঁরা এমন এক জাতি, যাঁরা প্রতিশোধ নেওয়ার জন্য প্রয়োজনে ১০০ বছর পর্যন্ত অপেক্ষা করেন। তবুও তাঁদের শত্রুদের ক্ষমা করবেন না।উত্তর ওয়াজিরস্তানের রাজধানী মিরানশাহ থেকে দেওয়া বিবৃতিতে নেতারা আরও বলেন, বিমান হামলায় নিহত ৪১ জনের মধ্যে আল-কায়েদার সদস্য কয়জন ছিল, বিশ্বের তা খুঁজে বের করা উচিত। উপজাতীয় নেতারা জানান, সেটা ছিল দাত্তা খেল এলাকার গণ্যমান্য ব্যক্তিদের একটি সাধারণ সভা, যেখানে প্রচলিত নিয়ম অনুসারে ছোটখাটো বিরোধের মীমাংসা করা হচ্ছিল। এতে এলাকার নিরীহ লোকজন উপস্থিত ছিলেন। কিন্তু মার্কিনিরা ওই গণ্যমান্য ব্যক্তিদের আমলে না নিয়েই সেখানে হামলা করে বসে।ওই এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মালিক ফরিদুল্লাহ ওয়াজির খান সাংবাদিকদের বলেন, হামলার কয়েক মিনিট পর তিনি ঘটনাস্থলে যান। পুরো এলাকা হতাহত মানুষের ছোপ ছোপ রক্ত দেখতে পান। ছড়িয়ে-ছিটিয়ে ছিল হতাহতদের শরীরের ছিন্নভিন্ন অংশ। হামলায় তাঁর চারজন আত্মীয় নিহত হন। ওয়াজির খান দাবি করেন, হামলায় নিহতদের মধ্যে ১৩ জনই ছিল শিশু। পাকিস্তনের কর্মকর্তারা জানান, ওই দিনের হামলায় দুটি বিমান অংশ নেয়। ছোড়া হয় চারটি ক্ষেপণাস্ত্র। একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে জঙ্গিবাহী একটি গাড়িতে। এতে চারজন জঙ্গি নিহত হন। আর তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে খোলা ময়দানে বেঠকরত উপজাতীয় নেতাদের ওপর। বিবিসি।