আফগানিস্তানের কান্দাহারে মার্কিন সেনার গুলিতে ১৬ জন নিরীহ বেসামরিক ব্যক্তির প্রাণহানির ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তালেবান। গতকাল সোমবার তারা এ অঙ্গীকার ব্যক্ত করে। এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশটিতে নতুন করে মার্কিনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আফগান ও মার্কিন কর্মকর্তারা।তালেবান গতকাল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ‘প্রত্যেক শহীদের রক্তের বদলা হিসেবে খুনি মার্কিন সেনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।’ এতে আরও বলা হয়, ‘হতাহতের শিকার অধিকাংশই শিশু, নারী ও বয়স্ক ব্যক্তি। ওই নিষ্ঠুর হত্যাকারী মার্কিন সেনা নিরীহ মানুষের মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র এখন ওই সেনাকে মানসিকভাবে অসুস্থ বলে এই অমানবিক ঘটনার দায় এড়াতে চাইছে।’ তালেবান আরও বলেছে, ‘যদি অপরাধী সেনা প্রকৃতই মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকে, তবে তা মার্কিন সামরিক বাহিনীর জন্য আরেকটি নৈতিক পরাজয়। কেননা, এতে স্পষ্ট হবে যে তারা মানসিক রোগীর হাতে অস্ত্র তুলে দিচ্ছে। তারা সে অস্ত্র ব্যবহার করছে নিরস্ত্র আফগানদের বিরুদ্ধে।’ গত রোববার সকালে কান্দাহারের একটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে ওই সেনা বেরিয়ে এসে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে নির্বিচার গুলি চালায়। এতে নয়টি শিশু, তিনজন নারীসহ ১৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়। নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে ঘাঁটিতে ফেরার পর তাকে আটক করা হয়।বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা: সম্প্রতি আফগানিস্তানে মার্কিন সেনা কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় শুরু হওয়া প্রচণ্ড মার্কিনবিরোধী বিক্ষোভের রেশ কাটতে না-কাটতেই নিরীহ আফগানদের এই হত্যার ঘটনা ঘটল। এতে নতুন করে দেশজুড়ে মার্কিনবিরোধিতা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। আবারও সহিংস বিক্ষোভের আশঙ্কায় দেশটিতে মোতায়েন পশ্চিমা বহুজাতিক বাহিনীতে আতঙ্ক বিরাজ করছে। মার্কিন সেনাদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। মার্কিন কর্মকর্তারা তাদের বিশেষ করে প্রতিশোধমূলক হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।কারজাইকে ওবামার টেলিফোন: হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার দিনই আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে টেলিফোন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা কারজাইয়ের কাছে গভীর দুঃখ প্রকাশ করে বরেন, এর পেছনে যে-ই দায়ী থাকুক না কেন, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি দেন তিনি। ইতিমধ্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেট্টাও হামিদ কারজাইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলে এ হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেন।আফগানিস্তান সফরে মেরকেল: এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল গতকাল এক অপ্রত্যাশিত সফরে আফগানিস্তান গেছেন। তিনি এ সময় উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে অবস্থিত জার্মান সেনাঘাঁটি পরিদর্শন করেন। নিরীহ আফগানদের হতাহতের ঘটনায় উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে তিনি এ সফরে গেলেন বলে মনে করা হচ্ছে। কুন্দুজে অবস্থিত অপর জার্মান ঘাঁটি পরিদর্শনেও তাঁর যাওয়ার কথা রয়েছে। এএফপি, রয়টার্স ও বিবিসি।