যুক্তরাজ্যের নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে দলগুলো চাইলেই ইচ্ছামতো প্রতিশ্রুতির বুলি ছড়াতে পারে না। প্রতিটি প্রতিশ্রুতির পাশাপাশি হিসাব কষে দেখাতে হয়, অঙ্গীকার পূরণের অর্থ কোত্থেকে আসবে। আর এই প্রতিশ্রুতি ও অর্থ জোগানের হিসাবের গরমিল নিয়েই পাল্টাপাল্টি আক্রমণে নেমেছে প্রধান দুই দল।
আগামী ৮ জুন অনুষ্ঠেয় যুক্তরাজ্যের নির্বাচনের প্রচারণার শুরুটা সরগরম ছিল ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) প্রশ্নে দলগুলোর অবস্থান নিয়ে। গত শনিবার থেকে হঠাৎ করেই বিতর্কের কেন্দ্রে উঠে আসে দলগুলোর অর্থনৈতিক অবস্থান।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের জয় পেয়ে নতুন উদ্যমে প্রচারে নেমেছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। ২০১০ সাল থেকে ক্ষমতায় থাকা এই দল বাজেট ঘাটতি মোকাবিলার নামে রাষ্ট্রীয় কল্যাণ ব্যয়ে বড় ধরনের কাটছাঁট করেছে। সেই সঙ্গে বেকার ও প্রতিবন্ধীদের ভাতা অনেকখানি কমিয়ে দিয়েছে। বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের শিক্ষা ফি।
বিরোধী লেবার পার্টি এখন বলছে, ক্ষমতায় গেলে তারা রাষ্ট্রীয় কল্যাণ ব্যয় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে। শিক্ষা ফি অর্ধেক করবে, অথবা সম্পূর্ণ উঠিয়ে দেবে। উত্তরাধিকার কর বৃদ্ধি এবং বড় প্রতিষ্ঠান ও দামি বাড়ির ওপর কর বসিয়ে তারা এসব প্রতিশ্রুতির খরচ জোগাবে।
তবে কনজারভেটিভ পার্টির নেতারা বলছেন, প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে বরং জনগণের ওপর ঋণের বোঝাই বাড়াবে লেবার পার্টি। তারা হিসাব কষে দেখাচ্ছে, লেবার পার্টি যেসব কর বাড়ানোর কথা বলছে, সেখান থেকে ২০২০ সাল পর্যন্ত সর্বোচ্চ ১৪ দশমিক ১ বিলিয়ন পাউন্ড পাওয়া যাবে। কিন্তু তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে গেলে একই সময়ে রাষ্ট্রীয় খরচ বাড়বে প্রায় ৬৪ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড।
বিপরীতে লেবার পার্টির দাবি, তাদের প্রতিশ্রুতির মধ্যে নেই এমন অনেক বিষয়কে হিসাবে ধরে ক্ষমতাসীনেরা কাল্পনিক সংখ্যা নিয়ে হাজির হয়েছে।
বর্তমানে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় ঋণ ১ দশমিক ৭ ট্রিলিয়ন পাউন্ড। আর গত বছর বাজেট ঘাটতি ছিল ৫৪ বিলিয়ন পাউন্ড।