প্রতিশ্রুতি পালন শুরু করল এএপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় বসার ৪৮ ঘণ্টার মধ্যেই আম আদমি পার্টি (এএপি) তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালন শুরু করল। দিল্লির বাসিন্দাদের আগামী বছরের প্রথম দিন থেকেই বিনা পয়সায় মাসে ২০ কিলোলিটার পানীয় জল দেওয়া হবে। অসুস্থ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে দিল্লি জল বোর্ডের (ডিজেবি) এক জরুরি বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা হয়।
ডিজেবির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দিল্লিতে যাঁদের বাড়িতে মিটার আছে, ১ জানুয়ারি থেকে তাঁদের মাসে ২০ কিলোলিটার পানীয় জল (৭০০ লিটারের সামান্য কম) বিনা পয়সায় দেওয়া হবে। কিন্তু যাঁরা ২০ কিলোলিটারের বেশি খরচ করবেন, তাঁদের কাছ থেকে পুরো দাম নেওয়া হবে। পানির অপচয় রোধে এই ব্যবস্থা।
দেশের প্রধান দুই দল কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে ‘চমক’ বলা হয়েছে। কংগ্রেসের নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন, ‘এটা নিতান্তই চমক। পানির মিটার থাকা বাড়ির সংখ্যা নিতান্তই কম। অর্ধেক বাড়িতেই তা নেই।’ বিজেপির নেতা হর্ষবর্ধন বলেছেন, ‘প্রশ্নটা অন্য। রাজ্যের সব বাড়িতে কি পানি সরবরাহ করা যাবে? রাজধানীর অর্ধেক জায়গায়ই তো পানি পাওয়া যায় না।’
অসুস্থতার কথা সাতসকালে কেজরিওয়াল নিজেই টুইট করে জানান। একে ১০২ ডিগ্রি জ্বর, তার ওপর প্রবল পেটের গোলমাল। টুইটারে বলেন, সচিবালয়ে যেতে পারবেন না বলে খারাপ লাগছে।
কেজরিওয়ালের শরীর কদিন ধরেই খারাপ যাচ্ছিল। রাজধানীর প্রবল ঠান্ডা তাঁকে আরও কাবু করে দেয়। গতকাল সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ১০ বছরে কোনো ডিসেম্বর মাসে এটাই রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। দিল্লি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পানির বিলের সঙ্গে অন্য যেসব কর নেওয়া হয়, সেগুলোও মওকুফ হবে। জল বোর্ডের নতুন সিইও বিজয় কুমার জানান, ২০ কিলোলিটার পানির জন্য বিলই পাঠানো হবে না।
এএপির সরকার পানীয় জলের ব্যাপারে দেওয়া প্রতিশ্রুতি পালন করলেও বিদ্যুতের বিল কমানোর প্রতিশ্রুতি আদৌ সম্ভব হবে কি না, সংশয় আছে। কারণ, রাজধানীর বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের হাতে। কমিশনের চেয়ারম্যান পি ডি সুধাকর গতকাল সাংবাদিকদের সে কথা মনে করিয়ে দিয়েছেন।