রাজ্যসভায় বাংলাদেশ-ভারত সীমান্ত বিল উত্থাপন করে ভারত তার প্রতিশ্রুতি পূরণের প্রক্রিয়া শুরু করল বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। তবে এই সিদ্ধান্ত গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর বলে মনে করেন বিজেপির নেতারা। আর তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সরকারের এ সিদ্ধান্ত গ্রহণ করছি না।’
বুধবার প্রবল বিরোধিতার মুখে রাজ্যসভায় বিলটি উত্থাপনের সঙ্গে সঙ্গেই সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সালমান বলেন, ‘বাংলাদেশ সরকারকে ভারত এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। বিল উত্থাপনের মধ্য দিয়ে সরকার সেই প্রতিশ্রুতি রক্ষার প্রক্রিয়া শুরু করল। সংসদের আগামী অধিবেশনে আমরা এটা পাস করাতে পারব।’
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়েও সালমানকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসবে, ভারত তার সঙ্গেই কাজ করবে।
বিজেপির নেতা রবিশংকর প্রসাদ গতকাল আসামের তিন সাংসদ বিজয়া চক্রবর্তী, রামন ডেকা ও কবীন্দ্র পুরকায়স্থর সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের বলেন, যেভাবে সরকার বিলটি আনল, তা অগণতান্ত্রিক। আধা মিনিটের মধ্যে বিল পেশ করে দিল গণতান্ত্রিক রীতির তোয়াক্কা না করেই। আমরা এই বিল পাস করতে দেব না।’
তৃণমূল নেত্রী মমতা ওই দিন রাতেই তাঁর ফেসবুকে লিখেছেন, ‘রাজ্যসভায় বিল পেশের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নির্লজ্জজনক। আমরা সরকারের এ সিদ্ধান্ত গ্রহণ করছি না, করছি না, করছি না। পশ্চিমবঙ্গের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না।’
সব মিলিয়ে ১১৯ সংবিধান সংশোধন বিল রাজ্যসভায় পেশ হলেও আদৌ তা পাস হবে কি না, সেই সংশয় রয়েই গেল।