প্রতিশ্রুতি সত্ত্বেও বারাদারকে মুক্তি দেয়নি পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সরকার প্রতিশ্রুতি দিলেও তালেবানের দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা মোল্লা বারাদারকে মুক্তি দেওয়া হয়নি। কারাগারে তাঁর স্বাস্থ্যের মারাত্মক অবনতি হচ্ছে। গতকাল বুধবার আফগান তালেবান এই দাবি করেছে।
আফগান তালেবানের সঙ্গে আফগানিস্তান সরকারের শান্তি আলোচনা শুরুর অন্যতম শর্ত হিসেবে বিবেচনা করা হয় মোল্লা বারাদারের মুক্তিকে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য মোল্লা বারাদার এখনো কারাগারে দিন কাটাচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে। দিন দিন অবস্থা আরও খারাপ হচ্ছে।’
পাকিস্তান গত মাসের প্রথম দিকে কারাগারে থাকা শীর্ষ তালেবান নেতা আবদুল গনি বারাদারকে মুক্তি দেয়। তিনি একসময় তালেবানের সামরিক শাখার প্রধান ছিলেন। গনির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আবদুল গনি বারদারকে মুক্তি দেওয়ায় আফগানিস্তানের হাই পিস কাউন্সিল (এইচপিসি) পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানায়। এইচপিসির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ ইসমাইল কাশ্মীর বলেন, ‘আমরা তাঁর মুক্তিকে স্বাগত জানাই। পাকিস্তান সরকার আফগানিস্তানের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে। এ জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ।’ ডন।