প্রতীক্ষার অবসান হবে আজ সন্ধ্যার মধ্যেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচন
ভারতের লোকসভা নির্বাচন

দীর্ঘ এক মাসের কৌতূহল ও উৎকণ্ঠার অবসান ঘটতে চলেছে আজ শুক্রবার। আজ সন্ধ্যার মধ্যেই জানা যাবে, ষোড়শ লোকসভার নিয়ন্ত্রণ কাদের হাতে উঠে আসছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ নাকি তৃতীয় কোনো বিকল্পের হাতে শেষ পর্যন্ত উঠবে ভারত শাসনের ভার—অবসান ঘটবে সেই প্রতীক্ষার।
সকাল আটটা থেকেই দেশের প্রতিটি রাজ্যে শুরু হবে ভোট গণনা। দুপুরের মধ্যেই ভোটের ফলের গতিপ্রকৃতি জানা যাবে। নির্বাচন কমিশন সূত্রের ইঙ্গিত, সন্ধ্যা নাগাদ স্পষ্ট হয়ে যাবে সরকার গঠনে কারা এগিয়ে, কারা পিছিয়ে।
দেশের রাজনীতি অবশ্য নির্বাচনী ফলাফলের অপেক্ষায় বসে নেই। সব বুথ-ফেরত জরিপে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে থাকায় সারা ভারতে জনপ্রিয় ধারণা, নরেন্দ্র মোদিই হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী৷ দীর্ঘ ১০ বছর পর কেন্দ্রে শেষ হতে চলেছে কংগ্রেসের শাসন। এ ধারণা এতটাই প্রবল যে, গত বুধবার থেকেই বিজেপিতে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায়।
বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি ও মুরিল মনোহর যোশির স্থান কোথায় কীভাবে হবে, এককথায় তাঁদের সম্মানজনক পুনর্বাসন নিয়ে যেমন একটা চিন্তা আছে, তেমনি সরকার ও সংগঠনে যাতে ক্ষমতার দুটি উৎস থাকতে না পারে, তা নিয়েও রয়েছে সতর্কতা। এই দুই লক্ষ্যে বুধবারের মতো গতকাল বৃহস্পতিবারও রাজধানীতে ছিল দিনভর তৎপরতা। বিজেপির সভাপতি রাজনাথ সিংয়ের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) শীর্ষ নেতাদের ঘণ্টার পর ঘণ্টা বৈঠক চলে। এসব বৈঠকে অংশ নেন সাবেক সভাপতি নীতিন গড়কড়ি, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী উমা ভারতী, আদভানিরা। তবে সারা দিনের এই তৎপরতা সত্ত্বেও স্পষ্ট নয়, আদভানি, যোিশ ও সুষমা স্বরাজকে নিয়ে সমস্যার সমাধান কীভাবে করা হবে।
বিজেপি এর আগে কেন্দ্রে তিনবার ক্ষমতায় ছিল। তিনবারই প্রধানমন্ত্রী ছিলেন তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে পরিচিত অটল বিহাির বাজপেিয়। প্রথমবার ১৩ দিনের জন্য, দ্বিতীয়বার ১৫ মাসের জন্য, তৃতীয়বার পুরো পাঁচ বছর। তিনবারের কখনোই কিন্তু আদর্শিক মিত্র আরএসএসকে এবারের মতো তৎপর হতে দেখা যায়নি। গত দুই দিন সংঘের শীর্ষ ব্যক্তিরা শুধু তাঁদের পছন্দ-অপছন্দকেই প্রধান করে তোলেননি, তাঁরা বারবার দুটি লক্ষ্য পূরণ করতে চাইছেন। এক, মোদি যেন তাঁদের নিয়ন্ত্রণে থাকেন এবং দুই, ক্ষমতার উৎস যেন একাধিক না হয়। দ্বিতীয় লক্ষ্য পূরণ করতেই আদভানিকে সরিয়ে ফেলতে আগ্রহী সংঘ। আদভানিকে এনডিএ জোটের আহ্বায়ক করার ঝুঁকি নিতে সংগঠনটি তাই একেবারেই রাজি নয়। আদভানির অনুগতরাও যাতে ভবিষ্যতে সমস্যার সৃষ্টি না করেন, নজর তাঁদের সেদিকেও। অনন্ত কুমার, উমা ভারতী, সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও সুষমা স্বরাজদের মন্ত্রিসভায় স্থান দেওয়া নিয়ে তাই এত দোলাচল। আর, প্রথমটি নিশ্চিত করার অর্থ হলো, মোদিকে নিয়ন্ত্রণের ভার নিজেদের হাতে রাখা। সে জন্য সংঘ চাইছে তাদের কাছের ও অনুগতদের মোদি মন্ত্রিসভায় জায়গা দিতে। রাজনাথ সিং ও নীতিন গড়কড়ি তাই এত প্রাধান্য পাচ্ছেন। রাজনাথ সিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে চাইছেন। সংঘ তাঁকে সমর্থনও করছে। নীতিনকে সে ক্ষেত্রে দলের সভাপতি কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিতে হবে। বিজেপিকে সাধারণভাবে হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাজনৈতিক শাখা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে৷ তবে সংগঠনটি অনেক সময়ই বিজেপি বা বিজেপির নেতৃত্বাধীন সরকারের নীতির বিরোধিতা করেছে৷
প্রশ্ন হলো, মোদি কতটা রাশ ছাড়বেন, কতটা টানবেন। সেটা সম্পূর্ণই নির্ভর করছে বিজেপি একা কত আসন পায় এবং জোট নিজেদের ক্ষমতায় ২৭২-এর বেশি আসন পাবে িক না তার ওপর৷ বুথ-ফেরত জরিপের ফল বিজেপির পক্ষে গেলেও তারা জোটের বাইরে সমর্থন খুঁজতে নেমেছে৷ এর কারণ দুটি৷ প্রথম কারণ, সংসদে বন্ধুর সংখ্যা বেশি হলে বিরোধিতার মাত্রা কমে যাবে। সরকারের সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে। দ্বিতীয় কারণটি আরও গুরুত্বপূর্ণ। লোকসভায় গরিষ্ঠতা পেলেও রাজ্যসভায় এনডিএর গরিষ্ঠতা নেই। বিল পাস করাতে রাজ্যসভাতেও গরিষ্ঠতা প্রয়োজন। এনডিএকে তা পেতে গেলে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু বন্ধু বা সমর্থক দল থাকলে তার প্রয়োজন হবে না। সে কারণেই জরিপে এগিয়ে থাকলেও বিজেপির নেতারা বন্ধুর খোঁজে নেমেছেন।
কিন্তু সেখানে বুধবার যতটা আশা তাঁরা দেখেছিলেন, বৃহস্পতিবার তা অনেকটাই ফিকে হয়ে যায়। জয়ললিতার দলের যিনি বুধবার আগ বাড়িয়ে মোদিকে সমর্থনের কথা বলেছিলেন, সেই সাবেক সাংসদ মালাইস্বামীকে গতকাল দলনেত্রী সংগঠন থেকে বের করে দিয়েছেন। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নেতা কে. চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতা গতকাল বলেন, বিজেপিকে সমর্থনের কোনো প্রশ্ন নেই। তেলেঙ্গানাতেও তাঁরা বিজেপির সাহায্য ছাড়াই সরকার গঠন করতে পারবেন। একই দিন ডিএমকে নেতা টি কে এস ইলানগোভান জানান, বিজেপিকে সমর্থনের কোনো ইচ্ছে তাঁদের নেই। তাঁরা বরং ধর্মনিরপেক্ষতার সঙ্গে থাকবেন৷ মহারাষ্ট্রে এনসিপি আবার যাতে এনডিএ জোটে আসতে না পারে, সে জন্য চাপ সৃষ্টি করেছে শিবসেনা। তাদের নেতা সঞ্জয় রাউত বলেছেন, তাঁদের জিজ্ঞেস না করে কোনো সিদ্ধান্ত নয়। মহারাষ্ট্রের বিজেপির নেতারাও শিবসেনার পক্ষে। এ ধরনের বিবৃতি কংগ্রেসকে আবার আশাবাদী করে তুলেছে। তবে যেহেতু কোনো জরিপই কংগ্রেসকে কল্কে দেয়নি, তাই প্রকাশ্যে আশাবাদীও তারা হতে পারছে না।
নরেন্দ্র মোদি কিন্তু গুজরাটের গান্ধীনগরেই নিজেকে আবদ্ধ রেখেছেন। দলীয় সমর্থকদের তর না সইলেও তাঁর যাবতীয় সিদ্ধান্ত আজকের ফল দেখে। মোদির পরবর্তী কর্মসূচিও ঠিক হয়ে আছে। জিতলে শনিবার তিনি বারানসিতে যাবেন। সেখান থেকে দিল্লি। দিল্লিতে তাঁকে ‘দুর্দান্ত সংবর্ধনার’ প্রস্তুতি চলছে।
এই অবস্থায় কোথায় রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর নৈশভোজে অনুপস্থিতি নিয়ে জল ঘোলা হওয়ার পর থেকেই তিনি লাপাত্তা। গতকাল দলের মুখপাত্রদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। সন্ধ্যায় অন্যতম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘রাহুল গান্ধী শহরের বাইরে গেছেন। তিনি না এলেও আমরা নিজেরাই আলোচনা করব।’