প্রত্যর্পণ মামলায় হেরে গেলেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যর্পণের ব্যাপারে আইনি লড়াইয়ে হেরে গেছেন বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের একটি আদালত শুনানি শেষে তাঁকে বিচারের জন্য সুইডেনে পাঠানো যাবে বলে আদেশ দিয়েছেন। অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠানো হলে তাঁর মানবাধিকার লঙ্ঘিত হবে বলে আইনজীবীদের যুক্তি নাকচ করে দিয়েছেন আদালত।এদিকে অ্যাসাঞ্জের আইনজীবীরা জানিয়েছেন, আদালতের এই আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।সুইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা হয়। গত ৭ ডিসেম্বর লন্ডনে আত্মসমর্পণ করলে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানাবলে তাঁকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। ১৬ ডিসেম্বর কঠোর শর্তে অ্যাসাঞ্জের জামিন মঞ্জুর করেন লন্ডনের হাইকোর্ট। অ্যাস্যাঞ্জ শুরু থেকে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।লন্ডনের বেলমার্স ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল শুনানি শেষে বিচারক হাওয়ার্ড রিডল অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠানোর নির্দেশ দেন। বিচারক হাওয়ার্ড বলেন, ‘আমি নির্দেশ দিচ্ছি, মি. অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠানো যাবে।’ অ্যাসাঞ্জের বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় যৌন সম্পর্ক স্থাপনসংক্রান্ত সুইডেনের এক নারীর অভিযোগ উল্লেখ করে বিচারক হাওয়ার্ড বলেন, ‘এটা আমাদের দেশে ধর্ষণের শামিল।’ আদালতের আদেশ ঘোষণার সময় গাঢ় রঙের স্যুট-টাই পরা অ্যাসাঞ্জকে বিষণ্ন দেখাচ্ছিল। আদালতের আদেশের পর অ্যাসাঞ্জের আইনজীবী জিওফ্রি রবার্টসন বলেন, ‘আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’সুইডেনের যৌন নিপীড়নের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুইডিশ কৌঁসুলিরা অ্যাসাঞ্জকে সে দেশে পাঠাতে ব্রিটিশ আদালতের কাছে আবেদন করেন। অ্যাসাঞ্জ ওই আবেদনের বিরুদ্ধে আদালতে যান। শুনানি শেষে গতকাল আদালত ওই আদেশ দেন।গতকাল আদালতে অ্যাসাঞ্জের আইনজীবীরা অভিযোগ করেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলাটি সুইডিশ কৌঁসুলিরা যথাযথ নিয়ম অনুসরণ করে করতে পারেননি। এ ছাড়া সুইডেনে পাঠানো হলে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে। এতে তাঁর জীবন ঝুঁকির মধ্যে পড়বে। এতে অ্যাসাঞ্জের মানবাধিকার লঙ্ঘিত হবে। তাঁরা অভিযোগ করেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারির ক্ষমতা সুইডিশ কৌঁসুলিদের নেই। আর অ্যাসাঞ্জের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা তাঁকে সুইডেনে ফেরত পাঠানোর মতো অপরাধও নয়। তবে আদালত এসব যুক্তি নাকচ করে দিয়ে অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠানোর নির্দেশ দেন।সুইডিশ কৌঁসুলিদের মুখপাত্র কারিন রোসান্ডার বলেন, ‘অ্যাসাঞ্জের আইনজীবীরা উচ্চ আদালতে গেলে আমরা পরের পদক্ষেপ নেব।’গত বছর কয়েক দফায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগসংক্রান্ত আড়াই লাখেরও বেশি গোপন নথি ফাঁস করে দেয় উইকিলিকস, যা ওয়াশিংটনকে ক্ষুব্ধ করে তোলে। এর আগে অ্যাসাঞ্জ দাবি করেন, গোপন নথি ফাঁস করায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। এএফপি, রয়টার্স, বিবিসি।