প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ পেলেন অ্যাসাঞ্জ
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁকে সুইডেনের কাছে প্রত্যর্পণের বিরুদ্ধে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। গতকাল সোমবার যুক্তরাজ্যের হাইকোর্ট এ অনুমতি দেন। এর ফলে অ্যাসাঞ্জকে আপাতত সুইডেনে পাঠানো হচ্ছে না।২০১০ সালের আগস্টে উইকিলিকসের সাবেক দুজন নারী স্বেচ্ছাসেবী সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ আনেন। এ বিষয়ে সুইডেন অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চায়। গত বছরের ডিসেম্বরে লন্ডনে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে অস্ট্রেলীয় বংশোদ্ভূত ৪০ বছর বয়সী অ্যাসাঞ্জ যুক্তরাজ্যে আছেন।যদিও অ্যাসাঞ্জ দাবি করে আসছেন, এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উইকিলিকসে আফগানিস্তান ও ইরাক যুদ্ধের ওপর যুক্তরাষ্ট্রের কয়েক লাখ গোপন নথি প্রকাশের সঙ্গে এ অভিযোগের বিষয়টি সম্পৃক্ত। ওই সব গোপন নথি প্রকাশ পাওয়ায় যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের ওপর ক্ষুব্ধ হয়। গতকাল ব্রিটিশ হাইকোর্টের দুজন বিচারপতি অ্যাসাঞ্জের বিষয়টিকে জনগুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে দ্রুত সমাধানের জন্য সর্বোচ্চ আদালতে আপিলের অনুমতি দেন।হাইকোর্ট এই আপিলের সুযোগ না দিলে অ্যাসাঞ্জকে ১০ দিনের মধ্যে সুইডেনে প্রত্যর্পণ করা হতো। যদিও বর্তমানে তিনি শর্তসাপেক্ষে জামিনে মুক্ত আছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে নিম্ন আদালত অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে প্রত্যর্পণের বিষয়টির অনুমোদন করেন।২০১০ সালে উইকিলিকস ইরাক ও আফগান যুদ্ধের ওপর কয়েক লাখ নথি প্রকাশ করে। এ ছাড়া ২৭০ জন মার্কিন কূটনীতিকের তারবার্তাও প্রকাশ করেন। রয়টার্স ও এএফপি।