প্রত্যর্পণের মামলায় হেরেছেন হামজা
যুক্তরাজ্যের মিস-রীয় বংশোদ্ভূত কট্টরপন্থী ধর্মীয় নেতা আবু হামজা আল মাসরিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের পথ সুগম হয়েছে। গত সোমবার ইউরোপীয় মানবাধিকার আদালত প্রত্যর্পণের বিরুদ্ধে তাঁর আবেদন খারিজ করেছেন।আবু হামজার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ রয়েছে। ব্রিটিশ কর্মকর্তারা জানান, রায়ের পরিপ্রেক্ষিতে তাঁকে বিচারের জন্য তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে। সন্ত্রাসী কাজে জড়িত বলে সন্দেহভাজন আরও চারজনকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হতে পারে। আবু হামজার বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রে জঙ্গি প্রশিক্ষণ শিবির স্থাপনের ষড়যন্ত্র ও পশ্চিমা নাগরিক অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। বিবিসির দুঃখ প্রকাশ: এদিকে ব্রিটিশ সরকার হামজাকে গ্রেপ্তার না করায় রানি দ্বিতীয় এলিজাবেথ উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে খবর প্রচার করায় বিবিসি দুঃখ প্রকাশ করেছে। একজন প্রতিবেদক বিবিসির রেডিও ফোরে এ নিয়ে রানির সঙ্গে তাঁর কয়েক বছর আগের একান্ত কথোপকথনের কথা বলে দিয়েছিলেন। বিবিসি বলেছে, ‘আস্থা ভঙ্গের’ জন্য প্রতিবেদক ও বিবিসি উভয়ে গভীরভাবে দুঃখিত।