প্রত্যাশা পূরণে ব্যর্থ পশ্চিমবঙ্গ সরকার: রাহুল
পরিবর্তন আসার পর যেভাবে বাংলার এগোনোর কথা, সেভাবে এগোয়নি বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। পরিবর্তনে কোনও লাভ হয়নি এই রাজ্যের। তাই এ অবস্থার পরিবর্তন চাই।’
আজ মঙ্গলবার সকালে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির চা-বাগান এলাকা নাগরাকাটায় কংগ্রেস আয়োজিত এক কর্মী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস পার্টির সম্পর্ক ছিন্ন হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গে সফর করছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী।
রাহুল গান্ধী তাঁর ভাষণে অভিযোগের সুরে বলেন, কেন্দ্রীয় সরকার পরিকাঠামো উন্নয়নের জন্য যেভাবে পশ্চিমবঙ্গে টাকা দিয়েছে, তা অন্য রাজ্যে দেয়নি। আর পশ্চিমবঙ্গ সরকারও সেভাবে খরচ করেনি।
কংগ্রেসের সহসভাপতি বলেন, গরিবের স্বার্থে কথা বলে কংগ্রেস। গরিবের অধিকার কায়েম করতে হবে। চা-শ্রমিকদের অধিকার দিতে হবে। ভারতকে সুপার পাওয়ার দেশ হিসেবে গড়ে তুলতে হবে। তাই তিনি ফের পরিবর্তনের ডাক দেন। ভাষণ শেষে রাহুল গান্ধী জলপাইগুড়ি আসনের কংগ্রেসের প্রার্থী জোসেফ মুন্ডার সঙ্গে সমাবেশে আসা মানুষের পরিচয় করিয়ে দেন। তিনি কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করারও আহ্বান জানান। নাগরাকাটার সমাবেশ শেষে রাহুল ত্রিপুরায় আরেকটি কর্মী সমাবেশে যোগ দিতে যান। বিকেলে কলকাতার শহীদ মিনার ময়দানে তিনি এক কর্মী সমাবেশে যোগ দেবেন।